খালেদার প্রস্তাব প্রতিরক্ষা বাহিনীকে বিতর্কিত করার অপপ্রয়াস: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ১৩ দফা প্রস্তাবকে অযৌক্তিক, অবাস্তব, অসাংবিধানিক ও অস্বাভাবিক বলে তা প্রত্যাখ্যান করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি অভিযোগ করেন, খালেদা জিয়ার প্রতিরক্ষা বাহিনীর হাতে বিচারিক ক্ষমতা দেওয়ার প্রস্তাব মূলত ওই বাহিনীকে বিতর্কিত করার অপপ্রয়াস।

গতকাল সোমবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনে বিএনপি নেত্রী খালেদা জিয়ার উত্থাপিত ‘নতুন নির্বাচন কমিশন গঠন ও এর কাঠামো’ সম্পর্কে ১৩ দফা প্রস্তাবের প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বেগম জিয়া তাঁর প্রস্তাবে ‘সব রাজনৈতিক দল’ শব্দটির আড়ালে জামায়াতসহ স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর খুনিদের দল ফ্রিডম পার্টিকে হালাল করতে চান। ‘সর্বসম্মতিক্রমে’ ও ‘ঐকমত্যে’র ভিত্তিতে নির্বাচন কমিশনের জন্য ‘অভিন্ন নাম’ খুঁজে বের করতে ‘বারবার আলোচনা’র নামে নির্বাচন কমিশন গঠনকেই তিনি অনির্দিষ্টকালের অনিশ্চয়তায় ঠেলে দিতে চান। এতে করে নির্বাচনের নির্ধারিত সময় পার করে খালেদা জিয়া দেশে সাংবিধানিক শূন্যতা সৃষ্টির চক্রান্তে লিপ্ত। আর সে কারণেই বেগম জিয়ার এই প্রস্তাব কোনো আলোচনার সূত্র বা ভিত্তি হতে পারে না।

তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা বারবার বলেছি, বেগম জিয়ার আসল অ্যাজেন্ডা নির্বাচন নয়। তিনি দেশে অনিশ্চয়তা ও সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করে দেশকে সংবিধানের বাইরে ঠেলে দিয়ে অস্বাভাবিক অসাংবিধানিক সরকার আনার অপপ্রয়াসেই লিপ্ত আছেন। তাঁর আসল উদ্দেশ্য যুদ্ধাপরাধী ও জঙ্গিদের রক্ষা করা এবং নিজের ও পুত্রের বিরুদ্ধে চলমান বিচার কার্যক্রম বন্ধ করা।’