খালেদার ফর্মুলা অন্তঃসারশূন্য ও তামাশা: কাদের

নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দেওয়া ফর্মুলাকে অন্তঃসারশূন্য, চর্বিতচর্বণ এবং জাতির সঙ্গে তামাশা বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ইসি গঠনের বিষয়ে রাষ্ট্রপতিই ঠিক করবেন কাকে রাখবেন বা রাখবেন না। এখানে তাঁদের করার কিছু নেই। ইসি গঠন নিয়ে আওয়ামী লীগ কোনো প্রস্তাব দেবে না।
খালেদা জিয়া গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ইসি গঠন বিষয়ে প্রস্তাব দেওয়ার পর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন। খালেদা জিয়ার বক্তব্যের জবাব দিতে এই সংবাদ সম্মেলন করা হয়।
ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়া যে বক্তব্য প্রদান করেছেন, আমাদের মনে হয়েছে, এটা চর্বিতচর্বণ। ৪৫ মিনিটের অন্তঃসারশূন্য বক্তব্য প্রমাণ করেছে, তিনি জনগণের ওপর আস্থাশীল নন। তাঁর বক্তব্যে এমন কিছু প্রসঙ্গ এসেছে, যা ইতিমধ্যে আমাদের সংবিধান এবং নির্বাচন আইনে অন্তর্ভুক্ত রয়েছে। এটা জাতির সঙ্গে তামাশা ছাড়া আর কিছুই নয়।’
নির্বাচন কমিশন গঠন নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা সংবিধান মোতাবেক চলতে চাই। এর আগে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সার্চ কমিটি গঠন করে নির্বাচন কমিশন গঠন করেছিলেন। সেই প্রক্রিয়াই আমাদের সংবিধানের অবিচ্ছেদ্য অংশ। সেখান থেকে আমরা বিচ্যুত হচ্ছি না।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ইসি সংস্কারের ফর্মুলায় বাংলাদেশের জনগণের ওপর কিংবা প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ-র্যাব, বিজিবির প্রতি তাঁর (খালেদা জিয়া) আস্থাহীনতার বহিঃপ্রকাশ ঘটেছে। তিনি আরও বলেন, জাতির কাছে খালেদা জিয়ার এই ধরনের প্রেসক্রিপশন দেওয়ার আগে তাঁকে ক্ষমা চাইতে হবে যুদ্ধাপরাধীদের রক্ষার নামে মানুষ হত্যা, আগুন দিয়ে মানুষ হত্যা, তাঁর ছেলে তারেকের মানি লন্ডারিং ও দুর্নীতি, নিজের ভুয়া জন্মতারিখ নিয়ে জাতির সঙ্গে মিথ্যাচারের জন্য।
সব রাজনৈতিক দল নিয়ে ইসি গঠনে যাচাই-বাছাই কমিটি গঠনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘জাতীয় সংসদে খালেদা জিয়ার দল নেই, এটাই দুঃখের ব্যাপার, দুর্ভাগ্যের ব্যাপার, কষ্টের ব্যাপার। কিন্তু আমাদের তো করার কিছু নেই। ৫ জানুয়ারির নির্বাচনে তিনি অংশ নিলে বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস ভিন্ন হতে পারত। সংসদের দলগুলো এখানে প্রতিনিধিত্ব করবে। সংলাপ কাদের সঙ্গে হবে, যাদের সংসদে প্রতিনিধিত্ব আছে। তাদের তো প্রতিনিধিত্ব নেই।’
খালেদা জিয়ার প্রস্তাবের কোনো কিছুই কি গ্রহণযোগ্য নয়—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, তিনি যখন ক্ষমতায় ছিলেন, তখন এত ভালো ভালো কথা কোথায় ছিল? এগুলো কোথায় ছিল মাগুরা উপনির্বাচনের সময়। কোথায় ছিল ঢাকা-১০ ও মিরপুরের উপনির্বাচনের সময়?
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আবদুর রহমান, দপ্তর সম্পাদক আবদুস সোবহান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।