খালেদার বক্তব্য কল্পকাহিনি : আ.লীগ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডনে দেওয়া বক্তব্যের কঠোর সমালোচনা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটি মনে করে, লন্ডনে খালেদা জিয়া যে সব কথা বলেছেন, তার অধিকাংশই ছিল অসত্য তথ্যসংবলিত এবং কল্পকাহিনি দিয়ে সরকারের ইমেজ নষ্টের পাশাপাশি সরকারকে বিব্রত করার একটা অপপ্রয়াস।
দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ আজ বুধবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে তাঁর বক্তব্য তুলে ধরেন। গত রোববার লন্ডনে বক্তব্য দেন খালেদা জিয়া।
মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এবং বিরোধী দলে থাকার সময় যে অপকর্ম করেছে, দলের চেয়ারপারসন মিথ্যাচার করে সেগুলো ঢাকার একটা অপচেষ্টা চালিয়েছেন। সরকারের বিরুদ্ধে অনৈতিকভাবে কিছু অভিযোগ উত্থাপন করেছেন।
আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে- খালেদা জিয়ার এমন বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগ জনগণের জন্য রাজনীতি করে। এই দল প্রতিহিংসার রাজনীতি করেছে কখনো কেউ দেখে নাই। বিএনপি ক্ষমতায় থাকতে হত্যা-ষড়যন্ত্রের রাজনীতি কাকে বলে, সেটা তখন খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমান দেখিয়েছিলেন।’
আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘খালেদা জিয়া জঙ্গি মানসিকতায় বিশ্বাসী। ওনার প্রভুদের নির্দেশে তিনি বাংলাদেশের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন।’
ক্ষমতায় গেলে সুশাসন প্রতিষ্ঠা করব- খালেদা জিয়ার এমন বক্তব্যকে ‘ভূতের মুখে রাম নাম’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘উনি ক্ষমতায় থাকতে দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছিলেন। দুর্নীতিতে দেশকে পাঁচবার চ্যাম্পিয়ন বানিয়েছিলেন। আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যা করেছেন। খালেদা জিয়া এখন দেশের মানুষের কাছে আতঙ্কের নাম। হত্যা-খুনের রানি খালেদাকে মানুষ ক্ষমতায় দেখতে চায় না।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘লেডি হিটলার’ বলে আখ্যা দেওয়ার তীব্র নিন্দা জানিয়ে হানিফ বলেন, ‘এই বক্তব্যের মাধ্যমে খালেদা জিয়ার হীন মানসিকতার বহিঃপ্রকাশ ঘটেছে। প্রধানমন্ত্রী আইনের শাসন প্রতিষ্ঠা করতে যতটুকু কঠোর হওয়া দরকার ততটুকু হয়েছেন। ওনাদের মা-ছেলে মিলে সরকারের ভেতরে সরকার ‘হাওয়া ভবন’ তৈরি করে দুর্নীতিকে উৎসবে পরিণত করেন।’
জাগৃতি প্রকাশনের মালিক ফয়সল আরেফিন দীপনের বাবা সম্পর্কে তাঁর মন্তব্য চাপে পড়ে প্রত্যাহার করেছেন কি না, এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘কারোর কাছ থেকে কোনো চাপ ছিল না। ওটা একটা ডেড ইস্যু। আমরা সকল হত্যাকাণ্ডের বিচার চাই। এসব হত্যাকাণ্ডে যারা জড়িত, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে সরকার বদ্ধপরিকর।’
ফয়সল আরেফিন দীপনের বাবা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক হয়তো হত্যাকারীদের ‘মতাদর্শে’ বিশ্বাসী বলে মন্তব্য করেছিলেন আওয়ামী লীগের এই নেতা।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কেন্দ্রীয় সদস্য এ কে এম এনামুল হক শামীম, সুজিত রায় নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।