খালেদার বক্তব্য বিকৃত করা হচ্ছে : ফখরুল

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার একটি বক্তব্যকে আওয়ামী লীগ বিকৃত করছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।
মির্জা ফখরুল বলেন, তাঁরা আশা করেছিলেন বিএনপির কাউন্সিলকে আওয়ামী লীগ স্বাগত জানাবে। কিন্তু তা না করে আওয়ামী লীগ উল্টো খালেদা জিয়ার একটি বক্তব্য বিকৃত করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ফখরুল বলেন, ‘দুঃখজনকভাবে বিএনপির চেয়ারপারসনের একটি বক্তব্যকে বিকৃত করা হয়েছে। চেয়ারপারসন বলেছেন, আমরা আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে করব। অর্থাৎ, নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার থাকবে, সেই সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন না। এটাই আমাদের আশা। অবশ্যই শেখ হাসিনা সেই নির্বাচনে অংশ নেবেন। সব দলের অংশগ্রহণে নির্বাচন হবে। এটাকে বিকৃত করে ভিন্নভাবে প্রচার করা হচ্ছে। জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। আশা করি, এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকবেন।’
গত শনিবার খালেদা জিয়া দলীয় সম্মেলনে বলেছিলেন, শেখ হাসিনাকে বাদ দিয়েই আগামী নির্বাচন হবে। এই বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘হাসিনাবিহীন নির্বাচন বলতে খালেদা জিয়া কী বোঝাতে চাচ্ছেন? ২১ আগস্টের মতো আবার গ্রেনেড হামলা বা কোনো কিছু করে হত্যার পরিকল্পনা করছেন কি না, সেটাই হচ্ছে আমার প্রশ্ন।’
মির্জা ফখরুল বলেন, সরকারের মন্ত্রীরা বিএনপির চেয়ারপারসনকে নিশ্চিহ্ন করে দেওয়া, বের করে দেওয়ার হুমকি দিয়ে বক্তব্য দিয়ে যাচ্ছেন। এগুলো শুধু প্রতিহিংসা আর রাজনৈতিক পরিবেশ বিনষ্ট করে। বিএনপির চেয়ারপারসন সত্যিকার অর্থে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চান। এ কারণে তিনি হিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন। বিএনপি প্রত্যাশা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রীরা ও আওয়ামী লীগের নেতারা এই আহ্বান গ্রহণ করবেন। আলাপ–আলোচনা–সমঝোতার মাধ্যমে রাজনৈতিক সংকট নিরসন করবেন। সংবাদ সম্মেলনে কাউন্সিলের বিভিন্ন প্রস্তাব ও সিদ্ধান্ত তুলে ধরেন মির্জা ফখরুল।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তাঁদের দলীয় গঠনতন্ত্রে আনা সংশোধনীগুলো উপস্থাপন করেন।