খালেদার বক্তব্য 'মাছের মায়ের পুত্রশোক': ওয়ার্কার্স পার্টি
রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বক্তব্যকে ‘মাছের মায়ের পুত্রশোক’ বলে অভিহিত করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো দলের পলিটব্যুরোর স্ট্যান্ডিং কমিটির বিবৃতিতে এ কথা বলা হয়েছে।
গত বুধবার খালেদা জিয়া এক সংবাদ সম্মেলনে রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প বাতিলের দাবি জানান। তিনি এই প্রকল্পকে দেশবিরোধী বলে আখ্যা দেন।
খালেদা জিয়ার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ক্ষমতাসীনদের শরিক ওয়ার্কার্স পার্টি বলেছে, বিএনপি নেত্রীর বক্তব্য তাদের রাজনৈতিক লক্ষ্যপূরণের হাতিয়ার। তাঁদের মতে, বিএনপি অন্য সব ইস্যুতে আন্দোলন গড়ে তুলতে ব্যর্থ হয়ে এখন ‘ঝোপ বুঝে কোপ মারতে চাইছে’।
বিবৃতিতে বিএনপি ক্ষমতায় থাকার সময় বিভিন্ন ব্যর্থতার কথাও তুলে ধরা হয়। বিবিয়ানার গ্যাস ভারতে রপ্তানির অপচেষ্টা ও ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লাখনি স্থাপনের চেষ্টার কথাও বিবৃতিতে তুলে ধরা হয়।
স্ট্যান্ডিং কমিটির বিবৃতিতে সুন্দরবনকে জাতীয় সম্পদ বলে উল্লেখ করা হয়। এতে বলা হয়, রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হলে তা সুন্দরবনকে ক্ষতিগ্রস্ত করবে। সুন্দরবনকে ক্ষতিগ্রস্ত করে, এমন কোনো পদক্ষেপ সরকার নেবে না বলে ওয়ার্কার্স পার্টি আশাবাদ ব্যক্ত করে। দলটি রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থানান্তরেরও আহ্বান জানায়।