খালেদার বিচার হতেই হবে: নাসিম

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশের সাধারণ মানুষকে হত্যার কারণে খালেদা জিয়ার বিচার হবে। আইনের মাধ্যমেই তাঁর এই বিচার হবেই হবে। আজ রোববার সকালে সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দীন স্টেডিয়ামে সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত সৈয়দ স্পিনিং অ্যান্ড কটন মিলস লিমিটেড প্রথম বিভাগ ক্রিকেট লীগ-২০১৫-এর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপির নেত্রী এখন আর কোনো রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি এখন জঙ্গি নেত্রী। ঘরে বসে তিনি হরতাল আর অবরোধ ডাকেন। কিন্তু দেশের মানুষ এই আন্দোলনে কোনো সাড়া দেয়নি। দেশের কোথাও এখন আর হরতাল-অবরোধ পালিত হয় না। দেশের মানুষ ভয়কে জয় করে রাস্তায় নেমে এসেছে।
নাসিম বলেন, খালেদা জিয়া ক্ষমতায় যাওয়ার জন্য বিদেশিদের কাছে ধরনা দিচ্ছেন। ধরনা দিয়ে কোনো লাভ হবে না। নির্দিষ্ট পাঁচ বছর অতিক্রম করার পরই নির্বাচন অনুষ্ঠিত হবে। অবৈধ পথে ক্ষমতায় যাওয়ার মোহে খালেদা জিয়া আইন-আদালত, শিক্ষাব্যবস্থা, মানুষের আবেগ-অনুভূতির প্রতি সামান্যতম শ্রদ্ধাবোধও প্রদর্শন করেননি।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক বিল্লাল হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সাংসদ মো. হাবিবে মিল্লাত, সংরক্ষিত নারী আসনের সাংসদ সেলিনা বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক আবু মোহাম্মাদ গোলাম কিবরিয়া, জেলা পুলিশ সুপার এস এম এমরান হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, সৈয়দ স্পিনিং মিলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবদুর রউফ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।
জেলার ১০টি দল দুটি ভাগে ভাগ হয়ে খেলায় অংশ নিচ্ছে।