খালেদার বিচারে ঈদের পরই বিশেষ ট্রাইব্যুনাল: ইনু
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিচারে ঈদের পর বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘গণহত্যার সঙ্গে জড়িত আগুন-সন্ত্রাসী খালেদা জিয়ার দ্রুত বিচার সম্পন্ন করতে প্রকাশ্য বিশেষ ট্রাইব্যুনালে বিচারকাজ শুরু হবে।’
গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার মিরপুরের মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
তথ্যমন্ত্রী ইনু বলেন, ‘ঈদের পরই এই বিশেষ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে এবং সেই ট্রাইব্যুনালে প্রত্যেকটা মানুষ পোড়ানোর ঘটনার মামলা পাঠানো হবে। প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলেছেন আইনের ঊর্ধ্বে কেউ নয়। খালেদা জিয়াও নন। উনি সাবেক প্রধানমন্ত্রী হতে পারেন, তবে সাম্প্রতিক ভয়াবহ আগুনযুদ্ধে দেড় শতাধিক মানুষ আগুনে পুড়িয়ে মারার কর্মকাণ্ডের যে নেতৃত্ব দিয়েছেন সেটা একাত্তরের মতো একটি গণহত্যা। তাঁর নামে মামলা হয়েছে, তদন্ত শেষ হয়েছে। দুই-একটা মামলার চার্জশিট হয়েছে।’
ইনু বলেন, ট্রাইব্যুনালে খালেদা জিয়া যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন তাহলে রাজনীতি করবেন, না হলে রাজনীতিতে ইস্তফা দিয়ে কারাগারে যাবেন। এর বাইরে অন্য কোনো পরিণতি নেই। উদ্বোধন অনুষ্ঠানে জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আবদুল আলীম স্বপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাহাদুর শেখ, মিরপুর থানার ওসি কাজী জালাল উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।