খালেদার বিরুদ্ধে অভিযোগপত্র নীলনকশার অংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রামে নাশকতার মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিলের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। দলটি বলেছে, সরকার এবং তাদের প্রভূদের নীলনকশার অংশ হচ্ছে খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় এই অভিযোগপত্র।

আজ সোমবার রাতে এক বিবৃতিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলন করে এ কথা বলেন।

বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম বলেন, সরকার নানা ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপিকে ধ্বংস করতে মরিয়া হয়ে উঠেছে। তারই বর্ধিত প্রকাশ হচ্ছে আবারও খালেদা জিয়ার বিরুদ্ধে এই অভিযোগপত্র দাখিল। তিনি বলেন, কুমিল্লায় একটি মিথ্যা মামলায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তিনবারের প্রধানমন্ত্রী ও দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এটি গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে আওয়ামী সরকারের একটি সার্বিক আক্রমণ। বর্তমান শাসকগোষ্ঠী দু: শাসনের কশাঘাতের পর এখন জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করার জন্য মাঠে নেমেছে।

একই বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব ঊন নবী খানকে কারা মুক্তির পর কারা ফটক থেকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, আইনি সকল প্রক্রিয়া সম্পন্ন করে উচ্চ আদালত থেকে সব মামলায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হওয়ার সময় হাবিব ঊন নবীকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে। দেশে এক ব্যক্তির শাসন দীর্ঘায়িত করতেই বিএনপির নেতা-কর্মীদের নিষ্ঠুর নির্যাতন চালানোর অংশ হয়েছে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে।

রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, জাতীয়তাবাদী শক্তিকে বিপর্যস্ত জন্য সরকারের হীন ষড়যন্ত্রের যে ধারা চলছে, তারই অংশ হিসেবে ২০১৫ সালে এই মামলাটি করা হয়েছিল। সরকার এবং তাদের প্রভূদের নীলনকশার অংশ হচ্ছে খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় এই অভিযোগপত্র। খালেদা জিয়াকে নানাভাবে বিপর্যস্ত করার অংশ হিসেবে আদালত ও প্রশাসনকে ব্যবহার করে এটি করা হয়েছে। এটি গণতন্ত্রকে ধ্বংস করার জন্য সরকারের মহাপরিকল্পনার নানামুখী বাস্তবায়নের অংশ।

হাবিব ঊন নবী খানের মুক্তির দাবি জানান রুহুল কবির রিজভী।