খালেদার বিরুদ্ধে আইনি ব্যবস্থা চায় আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধ বিষয়ে আপত্তিকর মন্তব্যের জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে আওয়ামী লীগ।
গতকাল বুধবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘বিচারের দায়িত্ব সরকারের, আওয়ামী লীগের নয়। আমরা সরকারের কাছে আপনাদের মাধ্যমে জোর দাবি করছি, বেগম জিয়া মুক্তিযুদ্ধের চেতনার ওপর আঘাত করেছেন, এ জন্য তাঁকে আইনি কাঠগড়ায় দাঁড় করিয়ে তাঁর বিচার করা হোক।’
গত সোমবার ঢাকায় এক সমাবেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছিলেন, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে। বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা চাননি। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধ হতো না।
খালেদা জিয়ার এই বক্তব্যের জবাব দিতেই গতকাল আওয়ামী লীগ এই সংবাদ সম্মেলন ডাকে। মাহবুব উল আলম হানিফ বলেন, খালেদা জিয়া এ বক্তব্যের মধ্য দিয়ে প্রমাণ করেছেন তিনি একাত্তরেও পাকিস্তানিদের পক্ষে ছিলেন, এখনো পাকিস্তানের পক্ষে। তিনি মনে-প্রাণে-চেতনায় পাকিস্তানি। তিনি মহান মুক্তিযুদ্ধ নিয়ে ঘৃণিত কটাক্ষ করেছেন, অবমাননা করেছেন।