খালেদার বিরুদ্ধে আরও চার মামলায় অভিযোগপত্র
বিএনপির ডাকা অবরোধের মধ্যে রাজধানীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় করা আরও চার মামলায় দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। আজ সোমবার দারুস সালাম থানার পুলিশ ওই অভিযোগপত্র দেয়।
অবরোধকেন্দ্রিক ঘটনায় এ নিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে ১১টি মামলায় অভিযোগপত্র দিল পুলিশ। এর মধ্যে দারুস সালাম থানার পুলিশ নয়টি ও যাত্রাবাড়ী থানার পুলিশ দুটি মামলায় অভিযোগপত্র দেয়।
ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিরাশ উদ্দিন প্রথম আলোকে বলেন, দারুস সালাম থানার চারটি মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে আজ সোমবার আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। প্রতিটি মামলাই বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, শুধু দারুস সালাম থানায় করা মোট নয়টি মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে অভিযোগপত্র দেওয়া হলো। এর মধ্যে আজ সোমবার জমা দেওয়া চারটি অভিযোগপত্র ঢাকার মহানগর হাকিম এমদাদুল হকের আদালতে দাখিল করা হয়।
যোগাযোগ করা হলে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান বলেন, এখন পর্যন্ত আট থেকে নয়টি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, এসব মামলার এজাহারে খালেদা জিয়ার নাম ছিল না। অভিযোগপত্রে খালেদা জিয়াকে পুলিশ হুকুমের আসামি করেছে। গত বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসে দারুস সালাম থানায় এসব মামলা করে পুলিশ। হরতাল-অবরোধ চলাকালে গাড়িতে আগুন দেওয়া ও গাড়ি ভাঙচুর করার অভিযোগ আনা হয়েছে মামলায়।