খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহার করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহম্মদ। তিনি বলেন, ‘খালেদা জিয়া এমন কী বলেছেন যে দেশ রসাতলে গেল? যিনি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের হাতে দুই সন্তানসহ ছয় মাস বন্দী থাকলেন, নির্যাতন ভোগ করলেন, তিনি আজ দেশদ্রোহী হয়ে গেলেন। আর যাঁরা পালিয়ে বেড়ালেন, তাঁরা হয়ে গেলেন মুক্তিযোদ্ধা।’
গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত প্রতিবাদ সভায় হাফিজ উদ্দিন আহম্মদ এসব কথা বলেন। তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘দেশে যদি গণতন্ত্র থাকত, ভোটাধিকার থাকত, আর যদি কোনো কারণে আগামী এক মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে দেখা যাবে কে দেশদ্রোহী।’
সরকারকে ‘মামলাবাজি’ বন্ধ করার আহ্বান জানিয়ে হাফিজ উদ্দিন আহম্মদ বলেন, ‘যেভাবে সরকার মামলাবাজি শুরু করেছে তাতে প্রধান বিচারপতির নামে দেশদ্রোহিতার মামলা হলে মোটেও আশ্চর্য হব না।’
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপির নেতা শাহ মোহাম্মদ আবু জাফর, সৈয়দ মোয়াজ্জেম হোসেন, রাশেদা বেগম, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক শফিকুজ্জামান খোকন প্রমুখ।