খালেদার মামলা দ্রুত শেষ করার চেষ্টা চলছে: ফখরুল
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে করা মামলা দ্রুত শেষ করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়া যাতে রাজনীতি করতে পারেন, সে জন্য সাংগঠনিক শক্তি বাড়াতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
আজ বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। ঢাকা মহানগর বিএনপির প্রয়াত যুগ্ম আহ্বায়ক আজিজুল্লাহর আত্মার মাগফিরাত কামনায় এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস।
বিএনপির মহাসচিব বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা চলছে। সেই মামলা কত দ্রুত শেষ করা যায়, সেই চেষ্টা চলছে। আমাদের বসে থাকলে চলবে না। সাংগঠনিক শক্তি, মনের শক্তি বৃদ্ধি করতে হবে। যাতে খালেদা জিয়া রাজনীতি করতে পারেন। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতে হবে। যাতে দেশের মানুষ দম ফেলে বাঁচতে পারে।’
মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া বারবার আলাপ-আলোচনার মাধ্যমে সমঝোতার কথা বলে আসছেন। কিন্তু সমঝোতার পরে নির্বাচন দিতে হবে, সেই নির্বচনে আওয়ামী লীগের জামানত থাকবে না। এটি জেনেই তারা একদলীয় শাসন চাপিয়ে, অত্যাচার, নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে।