খালেদার মুক্তি বিএনপির নেতারাই চায় না: হাছান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাছান মাহমুদ। ফাইল ছবি
হাছান মাহমুদ। ফাইল ছবি

বিএনপি নেতারাই দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চান না বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বিএনপির নেতারা মনে করেন, খালেদা জিয়া জেলে থাকলে তাঁদের ভোট বাড়ে। আদালতে জামিন প্রার্থনার নাটক মঞ্চায়ন ছাড়া অন্য কোনো কিছু নয়। তাঁরা খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে মোটেও আন্তরিক নন।’

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি করেন আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র হাছান মাহমুদ।

বিএনপির সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, বিএনপি বলছে খালেদা জিয়াকে ভিন্ন কৌশলে আন্দোলন করে বের করা হবে। তাদের ভিন্ন কৌশল দুটি হতে পারে। মানুষের ওপর পেট্রলবোমা নিক্ষেপ করা কিংবা ষড়যন্ত্র। এই দুটি কৌশল বিএনপি ভালোভাবে রপ্ত করতে পেরেছে।

আয়োজক সংগঠনের উপদেষ্টা চিত্তরঞ্জন দাশের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাবেক সাংসদ সারাহ্‌ বেগম কবরী প্রমুখ।