খালেদার রাজনীতি লেডিস ক্লাবে বন্দী: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ নাসিম। ফাইল ছবি
মোহাম্মদ নাসিম। ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজনীতি এখন ‘ইস্কাটনের লেডিস ক্লাবে বন্দী’ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম।
আজ শুক্রবার বিকেলে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার গান্ধাইলে এক সমাবেশে এ মন্তব্য করেন নাসিম।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়া আন্দোলনের একজন ব্যর্থ নেত্রী। তার রাজনীতি এখন ইস্কাটনের লেডিস ক্লাবে বন্দী। বিএনপি-জামায়াতের জ্বালাও পোড়াও এবং নৈরাজ্য না থাকলে দেশ আরও এগিয়ে যেত।
বিশ্বব্যাংকের প্রসঙ্গ টেনে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। খুব শিগগিরই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশ সমৃদ্ধিশালী দেশ হিসেবে পরিণত হবে।
সমাবেশে বিএনপি-জামায়াত জোটের আন্দোলনের নামে মানুষ হত্যার রাজনীতির সমালোচনা করে মোহাম্মদ নাসিম খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ‘আন্দোলন ও নির্বাচন থেকে পালানোর অভ্যাস ত্যাগ করে ২০১৯ সালের নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নেন।’
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আহমেদুল কবির, নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান মোল্লা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল, কাজীপুর উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার বকুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, জেলা যুবলীগের আব্দুল হাকিম, স্বেচ্ছাসেবক লীগের জিহাদ আল ইসলাম, সাবেক ছাত্র নেতা জাকির হোসেন প্রমুখ। এর আগে স্বাস্থ্যমন্ত্রী কাজীপুরের বাসভবনে বেসরকারি চ্যানেল এনটিভির ১২ বছর পূর্তি অনুষ্ঠানের শুভ কামনা করে কেক কাটেন।