খালেদার রাষ্ট্রদ্রোহিতার মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়া
খালেদা জিয়া

রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। খালেদা জিয়ার করা এক আবেদনের শুনানি নিয়ে আজ বুধবার বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। অভিযোগ আমলে নেওয়ার আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষ ও বাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে খালেদা জিয়ার করা এক বক্তব্যকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের আইনজীবী মমতাজ উদ্দিন মেহেদী গত বছরের ২১ জানুয়ারি অভিযোগটি দায়ের করেন।

গত বছরের ১০ আগস্ট এ মামলায় অভিযোগ আমলে নেওয়া হয়। এ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে চলতি বছরের ৫ জানুয়ারি হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। এ আবেদনের ওপর শুনানি নিয়ে আজ আদালত এ আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মুহাম্মদ আলী। সঙ্গে ছিলেন আইনজীবী মাহবুবউদ্দিন খোকন ও জাকির হোসেন ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর।

পরে জাকির হোসেন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, এ মামলায় অভিযোগসংক্রান্ত শুনানির জন্য ১০ এপ্রিল বিচারিক আদালতে দিন ধার্য রয়েছে। নিম্ন আদালত থেকে এ মামলায় খালেদা জিয়া জামিনে আছেন বলে তিনি জানান।