খালেদার রায় নিয়ে আ.লীগের দুই প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

☀  বিএনপি সহিংস হলে শক্ত হাতে দমন

☀  চুপ থাকলে দুর্নীতিবাজ ‘তকমা’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়-পরবর্তী পরিস্থিতি নিয়ে সরকার ও আওয়ামী লীগের দুই চিন্তা ও পরিকল্পনা রয়েছে। খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমানের সাজা হলে এবং তার প্রতিক্রিয়ায় বিএনপি আন্দোলনে নামলে কঠোর হাতে তা দমন করা হবে। আর চুপচাপ থাকলে জিয়া পরিবারকে ‘দুর্নীতিবাজ’ তকমা দিয়ে সারা দেশে প্রচারণা চালানো হবে। এ জন্য প্রস্তুতি নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার মামলার রায়ের সময় মাথায় রেখেই আওয়ামী লীগ দেশব্যাপী সাংগঠনিক সফর শুরু করেছে। কেন্দ্রীয় নেতাদের ১৫টি দল গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার চারটি দল মানিকগঞ্জ, বগুড়া, নড়াইল ও ফেনী সফর করেছে। আজও তিন জেলায় কর্মসূচি আছে। ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট থেকে বিভাগীয় সফর শুরু করবেন। এসব কর্মসূচির মূল লক্ষ্য খালেদা জিয়া পরিবারের দুর্নীতির প্রচার, সরকারের উন্নয়ন তুলে ধরা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি।

আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমানের বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার দিন ধার্য আছে। বিএনপির নেতা ও সাবেক আমলা মিলে আরও চারজন এই মামলার আসামি। খালেদা জিয়াসহ আসামিদের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড চেয়েছেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবীরা। আর খালেদা জিয়ার আইনজীবী মামলাটিকে সারবত্তাহীন উল্লেখ করে খালাস চেয়েছেন।

আওয়ামী লীগ নেতারা মনে করেন, এই মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানের সাজা হবে। আর বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান এর আগে আরেক মামলায় সাজাপ্রাপ্ত। তিনি লন্ডনে অবস্থান করছেন। বর্তমান পরিস্থিতিতে তাঁর দেশে ফেরার সম্ভাবনা নেই। বিরোধী শিবিরকে দুর্বল ও অপ্রস্তুত করার জন্য সবচেয়ে বড় সুযোগ সরকারি দলের সামনে। আর এই সুযোগ কাজে লাগানোর জন্য অনেক দিন ধরেই পরিকল্পনা করছে আওয়ামী লীগ।

আগামী নির্বাচন নিয়ে কৌশল প্রণয়নে যুক্ত আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, সাজা হলে বা কারাগারে গেলে খালেদা জিয়া নির্বাচন বর্জন করতে পারেন। সে ক্ষেত্রে বিএনপি ভাঙার চেষ্টা করবে সরকার। আর সাজার রায়ের বিরুদ্ধে আন্দোলন করার চেষ্টাও শক্ত হাতে দমন করা হবে। এর আগে-পরে গ্রেপ্তার অভিযানও চালানো হতে পারে। 

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রথম আলোকে বলেন, ‘রায় ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা করা যাবে না। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী দেশপ্রেমে উদ্বুদ্ধ। পেশাদার এবং জনগণের বন্ধু। জনগণের ক্ষতি হলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র জানায়, জেলা সফরের জন্য আওয়ামী লীগ যে ১৫টি দল গঠন করেছে তাতে কেন্দ্রীয় নেতাদের প্রায় সবাইকে রাখা হয়েছে। এর নাম দেওয়া হয়েছে নির্বাচনের প্রস্তুতির জন্য সাংগঠনিক সফর। তবে এর মূল কাজ হবে খালেদা জিয়া পরিবারের দুর্নীতি তুলে ধরা। কারণ, সাজা হলেও অনেকে রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মনে করবে বা বিশ্বাস করতে চাইবে না। তাই জিয়া পরিবারের দুর্নীতির বিষয়ে প্রচারের ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারের উন্নয়নকাজের প্রচার ও দল সংগঠিত করার কাজও চলবে।

এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান প্রথম আলোকে বলেন, খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর পাচার করা অর্থ ফেরত আনা হয়েছে। বড় ছেলে তারেক রহমানের অর্থ পাচারের বিষয়ে যুক্তরাষ্ট্রের এফবিআই সাক্ষ্য দিয়ে গেছে। সৌদি আরবে সম্পদ থাকার খবর বেরিয়েছে। পরিবারটি যে দুর্নীতিবাজ, তা আগেই প্রমাণিত। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হলে তা আরও জোরদার হবে। তিনি বলেন, আওয়ামী লীগ তাদের দুর্নীতির কথা আগেও বলেছে, ভবিষ্যতেও মানুষকে জানাবে।

গত বছরের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত সরকার নানা দুর্যোগ-দুশ্চিন্তায় কাটিয়েছে। রোহিঙ্গা সংকট, সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়কে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে সরকারের ভেতরে অস্বস্তি ছিল। অবশ্য নতুন বছরের আগেই সে অস্বস্তি কাটিয়ে উঠেছে সরকার। এখন খালেদা জিয়ার সাজা হলে বিএনপিকে আরও দুর্বল করা সহজ হবে বলে মনে করছেন সরকারি দলের নেতারা।