খালেদার লন্ডন সফর স্থগিতের বিষয়ে কিছু বলছে না বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালেদা জিয়ার লন্ডন সফর স্থগিত করার কারণ সম্পর্কে বিএনপির পক্ষ থেকে গতকাল পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। যদিও দলটির কোনো কোনো নেতা গণমাধ্যমে কয়েক রকম বক্তব্য দিয়েছেন। এ নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
কয়েক দিন ধরে অন্তত চারজন মন্ত্রী খালেদা জিয়ার সম্ভাব্য লন্ডন সফরকে ‘নতুন ষড়যন্ত্র’ আখ্যায়িত করে বক্তব্য দিচ্ছিলেন। ‘তারেক রহমানের সঙ্গে বিশ্বের সন্ত্রাসী গ্রুপের সম্পর্ক রয়েছে’ দাবি করে এ সফরে খালেদা জিয়া ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুন করার পরিকল্পনা করতেই লন্ডন যাচ্ছেন’ বলে বক্তব্য দেন একজন মন্ত্রী। সব মিলিয়ে এ সফর নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহলের সৃষ্টি হয়েছে।
লন্ডন সফর স্থগিতের কারণ সম্পর্কে জানতে চাইলে গতকাল শুক্রবার বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘শুনেছি, বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনের সময় বিএনপির চেয়ারপারসনকে দেশে থাকার অনুরোধ করেছেন আইনজীবীরা। সে জন্য সফর আপাতত স্থগিত করা হয়েছে। এ নির্বাচনের পর তিনি লন্ডনে যাবেন।’
বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের একটি সূত্র জানায়, ২৬ আগস্ট বার কাউন্সিলের নির্বাচন হবে। ওই দিন রাতে খালেদা জিয়া লন্ডন যেতে পারেন। সেভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
গত বৃহস্পতিবার রাতে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন প্রথম আলোকে বলেন, লন্ডনে খালেদা জিয়ার চোখের চিকিৎসক বাইরে যাচ্ছেন। ফলে চিকিৎসকের প্রথম সাক্ষাতের পর দ্বিতীয় সাক্ষাতের সময়ের ব্যবধান এক সপ্তাহ হওয়ায় সফর পিছিয়েছে। এ ছাড়া তিনি দল পুনর্গঠনে হাত দিয়েছেন। তাই লম্বা সময় সেখানে থাকতেও চাইছেন না। অবশ্য আসাদুজ্জামান রিপন ১০ আগস্ট সংবাদ সম্মেলনে বলেছিলেন, খালেদা জিয়া ১১, ১২ ও ১৩ আগস্ট লন্ডন যেতে পারেন।
বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, গতকাল রাতে খালেদা জিয়ার লন্ডনের উদ্দেশে যাত্রার সবকিছু ঠিকঠাক ছিল। লন্ডনে চোখের চিকিৎসার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় রাজনীতিকের সঙ্গে তাঁর সাক্ষাতের কথা ছিল। এর মধ্যে কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাক্ষাৎ-সূচির পরিবর্তন হয়। এ কারণে শেষ মুহূর্তে সফর স্থগিত করা হয়।
খালেদা জিয়ার সম্ভাব্য লন্ডন সফর নিয়ে বিএনপির নেতা-কর্মীদের মধ্যেও চাঞ্চল্য আছে। কারণ, দীর্ঘদিন পর ছেলে তারেক রহমানের সঙ্গে তাঁর দেখা হবে। এ সময় বিএনপির পুনর্গঠনের বিষয়ে মা-ছেলের কথাবার্তা হতে পারে। এ সফরে খালেদা জিয়ার সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু যুক্ত হবেন বলে গণমাধ্যমে খবর বের হয়েছে।
গত রাতে যোগাযোগ করা হলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু প্রথম আলোকে জানান, তিনি ব্যাংককে আছেন। সেখানকার বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সবকিছু ঠিকঠাক থাকলে সপ্তাহ-দশ দিন পর তিনি লন্ডন যেতে পারেন।