খালেদার লন্ডন সফরকে ষড়যন্ত্র মনে করছে আ. লীগ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আসন্ন লন্ডন সফরে নতুন কোনো ষড়যন্ত্র থাকতে পারে বলে মনে করছেন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা ও কর্মীরা। তাঁদের মতে, দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে খালেদা জিয়া একের পর এক ষড়যন্ত্র করছেন। এরই অংশ হিসেবে তিনি তাঁর ছেলে তারেক রহমানের কাছে যাচ্ছেন।
আজ বৃহস্পতিবার রাজধানীতে একাধিক আলোচনা সভায় আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা তাঁদের বক্তব্যে খোলামেলাভাবে এমন কথা বলেছেন। এ ছাড়া একাধিক নেতা প্রথম আলোর কাছেও খালেদা জিয়ার এ সফরকে ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন।
জাতীয় প্রেসক্লাবে সাম্যবাদী দলের এক আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।’ ‘খবর আছে শিগগিরই সরকার পড়ে যাবে’ খালেদা জিয়ার এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘তাঁর এ বক্তব্যের মধ্যে ষড়যন্ত্রের গন্ধ রয়েছে। এ খবরের উৎস কী লন্ডনে আছে? কারণ প্রচারণা করেই তো তিনি লন্ডন যাচ্ছেন।’
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় ত্রাণমন্ত্রী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ‘দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতেই খালেদা জিয়া একের পর এক ষড়যন্ত্র ও চক্রান্ত করে যাচ্ছেন। এবার সেই ষড়যন্ত্রকে চূড়ান্ত রূপ দিতে লন্ডনে তাঁর পুত্র তারেক রহমানের কাছে যাচ্ছেন।’
একই সভায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন ভালো কথা। তিনি লন্ডন থেকে ফিরে রাজনীতির সোজা পথে না বাঁকা পথে হাঁটবেন সেটাই দেখার বিষয়।’
আমাদের মাদারীপুর প্রতিনিধি জানিয়েছেন, সেখানে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানও খালেদা জিয়ার লন্ডন সফরকে ষড়যন্ত্র হিসেবে মন্তব্য করেছেন।
আওয়ামী লীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে তাঁদের আগ্রহ রয়েছে। সেখানে খালেদা জিয়া তাঁর ছেলে তারেক রহমানের সঙ্গে আন্দোলনের বিষয়ে আলোচনা করতে পারেন বলে তাঁদের ধারণা।
খালেদা জিয়ার সফর নিয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগের কর্মসূচিতে তাঁদের সায় আছেও বলেও জানান তিনি।
প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শিগগির লন্ডন সফরে যাচ্ছেন বলে দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।