খালেদার সঙ্গে অমিতের ফোনে কথা হয়নি, দাবি আ.লীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ভারতীয় জনতা পার্টি বিজেপির সভাপতি অমিত শাহের ফোনে কথা হয়নি বলে দাবি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বিএনপির পক্ষে কোনো বিবৃতি দেয়নি বলেও দাবি করা হয়েছে।

আজ শুক্রবার রাতে রাজধানীতে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এ দাবি করা হয়।

গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি অমিত শাহ টেলিফোন করে অবরুদ্ধ খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের ভেতরে এক অনানুষ্ঠানিক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান এ কথা জানান।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে এবং আমি নিজে ভারতীয় দূতাবাসের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি, বিজেপির সভাপতির পক্ষ থেকে কোনো ফোন খালেদা জিয়াকে করা হয়নি। বিএনপির পক্ষ থেকে দুবার ফোন করা হলেও অমিত শাহের টেলিফোন নষ্ট থাকায় কোনো কথা হয়নি। এটা লজ্জার, নিন্দনীয়। এটা বিএনপির রাজনীতির দেউলিয়াপনার প্রকাশ।’ বিএনপির এ ধরনের মিথ্যাচার দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে বলেও মন্তব্য করেন তিনি।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিএনপির পক্ষে বিবৃতি দেওয়ার কথা বলা হয়েছে, সেটাও দেওয়া হয়নি বলে মন্তব্য করেন মাহবুব উল আলম হানিফ। তিনি দাবি করেন, তাঁরা (মার্কিন কংগ্রেসম্যান) আজ একটি বিবৃতি দিয়ে বলেছেন, তাঁদের নাম প্রতারণা করে ব্যবহার করা হয়েছে, তাঁরা কেউ বিবৃতির সঙ্গে জড়িত না। বিএনপি বরাবরই মিথ্যাচারে পারদর্শী।

খালেদা জিয়ার উদ্দেশে হানিফ বলেন, ‘আপনি আয়েশি সরঞ্জাম নিয়ে গুলশান কার্যালয়ে অবস্থান করছেন। দেশবাসীর মধ্যে উত্তেজনা ছড়াচ্ছেন, দয়া করে এ নাটক বন্ধ করুন। আপনি বাসায় যেতে চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সসম্মানে নিয়ে যাবে। অযৌক্তিক নাটক বন্ধ করে অবরোধ প্রত্যাহার করুন।’