খালেদার সঙ্গে অ্যাবের প্রতিনিধিদের দেখা করতে দেয়নি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি সমর্থক কৃষিবিদদের সংগঠন অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অ্যাব) প্রতিনিধিদের দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে দেয়নি পুলিশ। আজ শনিবার সন্ধ্যায় অ্যাবের একটি প্রতিনিধিদল গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চাইলে পুলিশ বাধা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অ্যাবের একটি প্রতিনিধিদল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তাঁর কার্যালয়ে যেতে চায়। প্রতিনিধিদলের সদস্যরা গুলশান ২ নম্বরের ৮৬ নম্বর সড়কের প্রবেশ মুখে গেলে পুলিশ তাঁদের আটকে দেয়। পরে তাঁরা সেখান থেকে ফিরে যান।
অ্যাবের সদস্যসচিব হাসান জাফির বলেন, পুলিশ তাঁদের কার্যালয়ের দিকে যেতে দেয়নি। বিএনপির চলমান আন্দোলনের সঙ্গে তাঁরা একাত্ম রয়েছেন বলে জানান তিনি।
এ দিকে খালেদা জিয়ার কার্যালয়ের সামনে আজও পুলিশ মোতায়েন রয়েছে। কার্যালয়ের ফটকের দুপাশের একপাশে দুটি পুলিশ ভ্যান ও অন্যপাশে একটি জলকামান দিয়ে রাস্তা বন্ধ করে রাখা হয়েছে।