খালেদার সঙ্গে ইইউ প্রতিনিধিদলের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকারবিষয়ক উপকমিটির (ড্রোই) প্রতিনিধিদল। ছবি: বিজ্ঞপ্তি
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকারবিষয়ক উপকমিটির (ড্রোই) প্রতিনিধিদল। ছবি: বিজ্ঞপ্তি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকারবিষয়ক উপকমিটির (ড্রোই) প্রতিনিধিদল। বৈঠকে বিএনপির পক্ষ থেকে গুম-খুনের একটি তালিকা প্রতিনিধিদলকে দেওয়া হয়েছে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়টিও গুরুত্বসহকারে তুলে ধরা হয়েছে বলে বিএনপির সূত্র জানিয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ওই বৈঠক হয়। সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে প্রায় এক ঘণ্টা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকের বিষয়ে ওই প্রতিনিধিদলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান প্রথম আলোকে বলেন, বৈঠকে বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকট, মানবাধিকার পরিস্থিতি এবং শ্রম পরিস্থিতি—এই তিনটি বিষয়ে আলোচনা হয়েছে।
তিন সদস্যের ড্রোই প্রতিনিধিদলের নেতা ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকারবিষয়ক উপকমিটির (ড্রোই) উপপ্রধান ক্রিশ্চিয়ান দান প্রেদা। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হচ্ছেন ক্যারল ক্রাসকি (পোল্যান্ড) ও ইয়োসেফ ভেইডেনহোলজার (অস্ট্রিয়া)।
বিএনপির চেয়ারপারসনের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম উপস্থিত ছিলেন।
বৈঠকের একটি সূত্র জানায়, বৈঠকে বিএনপির পক্ষ থেকে গুম-খুনের একটি ‘অসম্পূর্ণ’ তালিকা দেওয়া হয়েছে। ৫ জানুয়ারির নির্বাচনের পর বিএনপি গুম-খুনের যে তালিকা বিভিন্ন সংস্থা ও দেশকে দিয়েছিল তা এই প্রতিনিধিদলকেও দেওয়া হয়েছে। এর সঙ্গে চলমান আন্দোলনে হতাহতের কিছু তথ্যও যোগ করা হয়েছে। ওই সূত্র জানায়, বৈঠকে বিএনপির পক্ষ থেকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়টি জোর দিয়ে তোলা হয়েছে। চলমান সহিংসতার বিষয়ে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, বিএনপি সহিংসতায় বিশ্বাস করে না। বিএনপি সংলাপের জন্য প্রস্তুত আছে। বিএনপির ওপর দায় চাপানোর জন্য এসব সহিংসতার ঘটনা ঘটানো হচ্ছে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশে ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকারবিষয়ক উপকমিটির সফরটি দেশের চলমান রাজনৈতিক সহিংসতার কারণে বেশ তাৎপর্যপূর্ণ। প্রতিনিধিদলের নেতা ক্রিশ্চিয়ান দান প্রেদা গত বছর ইউরোপীয় পার্লামেন্টে গৃহীত দুই প্রস্তাবের অন্যতম প্রস্তাবক ছিলেন। তাই এ সফরের সময় মানবাধিকারের যে বিষয়গুলোতে পার্লামেন্টের উদ্বেগ রয়েছে, সেগুলো জোরালোভাবে তুলে ধরা হবে।