খালেদার সঙ্গে বৈঠকে পরিস্থিতি বুঝতে চেয়েছেন ইপি প্রতিনিধিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বৃহস্পতিবার বিকেলে গুলশান কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট সদস্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিনিধি দলের প্রধান জিন ল্যাম্বার্টের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: সংগৃহীত
আজ বৃহস্পতিবার বিকেলে গুলশান কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট সদস্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিনিধি দলের প্রধান জিন ল্যাম্বার্টের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: সংগৃহীত

ঢাকায় সফররত ইউরোপীয় পার্লামেন্টের (ইপি) প্রতিনিধিদল বৃহস্পতিবার বিকেলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছে। বৈঠক শেষে বিএনপির নেতা আবদুল মঈন খান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, বাংলাদেশ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের যে উদ্বেগ, তার ওপর আলোচনা হয়েছে।
বিকেল সাড়ে চারটায় ইউরোপীয় পার্লামেন্ট সদস্য জ্যঁ লম্‌বেরের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে যায়। তাঁরা প্রায় সোয়া ঘণ্টা কথা বলেন।
প্রতিনিধিদলের অন্য তিন সদস্য হলেন ইউরোপীয় পার্লামেন্টের দক্ষিণ এশিয়াবিষয়ক ডেলিগেশনের ভাইস চেয়ার রিচার্ড হাওয়াট, ইন্টারনাল মার্কেট অ্যান্ড কনজ্যুমার প্রটেকশন কমিটির সদস্য ইভান স্টিফেন্স এবং ইন্টারন্যাশনাল ট্রেড কমিটির সদস্য সাজ্জাদ করিম। এ সময় ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু উপস্থিত ছিলেন।
বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ।

এক প্রশ্নের জবাবে মঈন খান বলেন, ‘দেশের বর্তমান রাজনৈতিক-সামাজিক-অর্থনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির যে চিত্র রয়েছে, সে চিত্রগুলো তাঁরা উপলব্ধি করার জন্য আমাদের প্রশ্ন করেছেন। আমরাও তাঁদের প্রশ্ন করেছি এবং পারস্পরিক সমঝোতার ভিত্তিতে মোটামুটি দেশের এই ক্রান্তিলগ্নে গণতন্ত্র নিয়ে আমরা যে উদ্বিগ্ন, সে বিষয়গুলো আলোচনায় এসেছে।’
মঈন খান বলেন, ‘বৈঠকে বাংলাদেশে মানবাধিকার ও সুশাসনের বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। দেশে যদি গণতন্ত্র না থাকে, তাহলে সুশাসন থাকতে পারে না। দেশের আজকের যে সরকার, তার যদি জনগণের প্রতিনিধিত্ব না থাকে, তাহলে সেই সরকার কখনো জনগণের কল্যাণ বয়ে আনতে পারে না। এ বিষয়গুলো আমরা তাদের কাছে তুলে ধরেছি।’
মঈন খান আরও বলেন, ‘যদি সরকার জনগণের প্রতিনিধিত্ব না করে, দেশের ব্যবসায়িক সম্প্রদায়ের প্রতিনিধিত্ব না করে, তাহলে সেই সরকার কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কখনো ব্যবসা-বাণিজ্য জোরদার করতে পারবে না। এটা আমরা স্পষ্টভাবে বলেছি।’
বৈঠক সূত্র জানায়, দেশের রাজনৈতিক, মানবাধিকার ও নিরাপত্তা পরিস্থিতি, আইনশৃঙ্খলা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, পোশাকশিল্পের কর্মপরিবেশ, বিরোধী দলের ওপর নিপীড়ন-নির্যাতন, গুম-খুন নিয়ে আলোচনা হয়েছে। অবশ্য ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদল সাংবাদিকদের কিছু বলেনি।