সব পক্ষ যেন কর্মের পরিণতি সম্পর্কে ভাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন সাক্ষাৎ করেন l ছবি: বিএনপির সৌজন্যে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন সাক্ষাৎ করেন l ছবি: বিএনপির সৌজন্যে

ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন বাংলাদেশের রাজনৈতিক পক্ষগুলোকে তাদের কর্মের ‘পরিণতি’ সম্পর্কে ভাবার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বর্তমান অচলাবস্থা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন তিনি।
গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে তাঁর সঙ্গে দেখা করেন গিবসন। প্রায় এক ঘণ্টার বৈঠক শেষে সন্ধ্যায় কার্যালয় থেকে বের হয়ে তিনি উপস্থিত সাংবাদিকদের একটি লিখিত বক্তব্য পড়ে শোনান।
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে যুক্তরাজ্যের হাইকমিশনার বলেন, ‘আমি আগেও বলেছি, বর্তমান সহিংসতা এবং বাংলাদেশের জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার ঘটনা অব্যাহত থাকা দুঃখজনক ও নিন্দনীয়।’
গত ৩ জানুয়ারি থেকে এক মাসের বেশি সময় ধরে গুলশানের কার্যালয়ে অবস্থানরত বিএনপির চেয়ারপারসনের সঙ্গে এটাই বিদেশি কোনো কূটনীতিকের প্রথম সাক্ষাৎ। ফলে এই বৈঠক নিয়ে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল ছিল। লিখিত বক্তব্যের শুরুতে গিবসন বলেন, এই সুযোগে তিনি বিএনপির চেয়ারপারসনকে তাঁর সন্তান আরাফাত রহমান কোকোর মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন।
রাজনৈতিক পক্ষগুলোর উদ্দেশে যুক্তরাজ্যের হাইকমিশনার বলেন, ‘আমি ক্রমাগতভাবে সব পক্ষকে আহ্বান জানিয়ে আসছি, তারা যেন তাদের কর্মের পরিণতি সম্পর্কে পরিপূর্ণভাবে ভাবে এবং দেশের জাতীয় স্বার্থহানিকর কাজ থেকে বিরত থাকে।’ তিনি বলেন, ‘আমি সব পক্ষকে আরও আহ্বান জানাচ্ছি, তারা যেন স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে এবং আস্থা গড়ে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে, যা দেশের বর্তমান অস্থিরতা নিরসন করবে।’
‘যুক্তরাজ্য বাংলাদেশের ভবিষ্যৎ স্থিতিশীলতা, উন্নয়ন ও অগ্রযাত্রায় সংকল্পবদ্ধ, এতে এখন এবং আগামী দিনেও আমরা অংশীদার’ উল্লেখ করে রবার্ট গিবসন বলেন, ‘আমি প্রত্যাশা করি, এ আস্থা গড়ে তেলার প্রক্রিয়া জোরদার হবে, যা বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় সহিংসতা এবং বিঘ্ন সৃষ্টির যে অভ্যাসগত চরিত্রায়ণ ঘটেছে, তার বিলুপ্তি ঘটাবে। পাশাপাশি সব বৈধ রাজনৈতিক কর্মকাণ্ড শান্তিপূর্ণভাবে পালনকে অনুমোদন করবে।’
গুলশানের কার্যালয় সূত্র জানায়, খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে তাঁর উপদেষ্টা সাবিহউদ্দিন আহমদ কিছু সময় উপস্থিত ছিলেন। পরে খালেদা জিয়া ও গিবসন একান্তে কথা বলেন। সচরাচর এ ধরনের বৈঠকে একাধিক উপদেষ্টা থাকলেও গতকাল অন্য কাউকে দেখা যায়নি।