খালেদার সঙ্গে সংলাপ হতেই পারে: মেহের আফরোজ
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, খালেদা জিয়ার সঙ্গে সংলাপ হতেই পারে। তবে তা হতে হবে তারেক রহমানের বিদেশে অর্থ পাচার, লন্ডনে বসে খালেদার ষড়যন্ত্রসহ নির্দিষ্ট কিছু বিষয়ে।
আজ শনিবার পাবনা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত কৃতী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। পাবনা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ফজলে মজিদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রতিমন্ত্রী বলেন, খালেদা জিয়ার ছেলে হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে কোন কোন দেশে পাচার করেছেন, এই ইস্যুতে সংলাপ হতে পারে। সংলাপ হতে পারে লন্ডনে বসে তিনি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে নতুন কী ষড়যন্ত্র করছেন, এ বিষয়ে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ভুয়া জন্মদিন পালনে কে তাঁকে পরামর্শ দিয়েছেন, এই বিষয়ে। অথবা কেন এবং কোন আশায় খালেদা জিয়া পেট্রলবোমা মেরে নিরপরাধ নারী শিশুকে হত্যা করেছেন এবং কোন ক্ষোভের কারণে তিনি বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটাতে চাচ্ছেন, এই বিষয়ে।
প্রতিমন্ত্রী মেহের আফরোজ আজ সরকারি এডওয়ার্ড কলেজের শহীদ আব্দুস সাত্তার মিলনায়তনে স্বেচ্ছাসেবী মহিলা সমিতির কাছে অনুদানের চেক বিতরণ করেন। ভিজিডি কার্যক্রম পরিদর্শন ও উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। বিজ্ঞপ্তি।