খালেদার সঙ্গে 'বিবেকবানরা' বৈঠক করেছেন: রফিকুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া খালেদা জিয়ার সঙ্গে সরকারি কর্মকর্তাদের বৈঠক প্রসঙ্গে বলেছেন, দুর্নীতিমুক্ত সমাজে কাজ করার সুযোগ পাওয়ার জন্য কিছু ‘বিবেকবান’ খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন।
প্রশাসনের সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তার সঙ্গে বিএনপির চেয়ারপারসনের বৈঠক নিয়ে সৃষ্ট বিতর্কের মধ্যে রফিকুল ইসলাম মিয়া আজ শুক্রবার সকালে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন। এর আগে বৃহস্পতিবার রাতে অবশ্য দলের ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, বৈঠকের বিষয়টি ভিত্তিহীন। এ ধরনের কোনো বৈঠকই হয়নি।
জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘সাক্ষাতের বিষয়ে ক্লিয়ার করার কোনো সুযোগ আমার নেই। তবে আমি যেটা বলতে পারি সেটা হলো, বিবেকবান নাগরিক, প্রবীণ নাগরিক, অভিজ্ঞ নাগরিক, দেশ পরিচালনায় যাঁদের অভিজ্ঞতা রয়েছে এবং স্যাকরিফাইস রয়েছে, তাঁরাও আজ উপলব্ধি করেছেন বিরোধীদলীয় নেত্রীর (তবে খালেদা জিয়া এখন বিরোধীদলীয় নেতা নন) কাছে বলার, যাতে তাঁদের বিবেক ... যে চায় দুর্নীতিমুক্ত সমাজ, শোষণমুক্ত সমাজ, আইনের শাসনের সমাজ, সে সমাজে কাজ করার সুযোগ যাতে তারা পায়, সে কথা বলার জন্য আমি মনে করি গিয়েছেন।’