খালেদার সমাবেশ ঘিরে যা ঘটল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়া
খালেদা জিয়া

শেষ পর্যন্ত সমাবেশ করতে পারেনি বিএনপি। গেটের বাইরে পুলিশ তালা ঝুলিয়ে দেওয়ায় দলের চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানে তাঁর রাজনৈতিক কার্যালয় থেকে বের হতে পারেননি। শেষ পর্যন্ত গেটের ভেতরে থেকেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। আর ওই কার্যালয়ের বাইরের সড়কে আড়াআড়িভাবে ফেলে রাখা হয় ১০টির বেশি ইট-বালুবাহী ট্রাক ও পুলিশের ভ্যান।
এমন পরিস্থিতিতে গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে কী ঘটছে, এ নিয়ে সারা দিনই মানুষের কৌতূহল ছিল। সারা দিনের ঘটনাগুলো পাঠকের জন্য সংক্ষেপে তুলে ধরা হলো:
গত শনিবার থেকে গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে কার্যত অবরুদ্ধ খালেদা জিয়া। আজ পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করছেন। তাঁর কার্যালয় ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য অবস্থান করছেন।
গতকাল রোববার রাত ১২টার দিক থেকে কার্যালয়ের সামনের সড়কে ট্রাক ও ভ্যান নিয়ে আসা শুরু হয়। আজ সকাল পর্যন্ত খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনের সড়কে আড়াআড়িভাবে ১৪টি ট্রাক ও ভ্যান রাখা হয়েছে। এতে ওই কার্যালয়ে প্রবেশ বা বের হওয়ার পথ বন্ধ হয়ে যায়।

বেলা ১১টার দিকে গুলশান কার্যালয় থেকে খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান গণমাধ্যমের কর্মীদের বলেন, বেলা দুইটার পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বের হবেন। তাঁকে যেখানে বাধা দেওয়া হবে, সেখানেই সমাবেশ করবেন তিনি।

দুপুর ১২টার দিকে ওই কার্যালয়ের সামনে দায়িত্বরত পুলিশের সদস্যদের সতর্ক অবস্থায় দাঁড়াতে বলেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে পুলিশের সদস্যরা তিনটি স্তরে দাঁড়িয়ে যান কার্যালয়ের গেটের সামনে।

দুপুর সোয়া ১২টার দিকে কার্যালয়ের মূল গেট ও পকেট গেটে তালা লাগিয়ে দেওয়া হয়।

রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনের সড়কে আড়াআড়িভাবে পুলিশের ভ্যান রেখে কার্যালয়ের পথ অবরুদ্ধ করা হয়েছে। ছবিটি আজ সোমবার সকালে তোলা। ছবি: মনিরুল আলম
রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনের সড়কে আড়াআড়িভাবে পুলিশের ভ্যান রেখে কার্যালয়ের পথ অবরুদ্ধ করা হয়েছে। ছবিটি আজ সোমবার সকালে তোলা। ছবি: মনিরুল আলম

বিকেল পৌনে চারটার দিকে খালেদা জিয়া নিজ কক্ষ থেকে বের হয়ে গাড়িতে ওঠেন। এরপর তিনি তাঁর কার্যালয় থেকে বের হওয়ার চেষ্টা করেন।
বিকেল সাড়ে চারটার দিকে খালেদা জিয়া গাড়ি থেকে নেমে সাংবাদিকদের সামনে বক্তব্য দেন। তিনি বলেন, ‘তাঁরা বলছে বন্দী করেনি। কিন্তু গেটে তালা, বের হতে দেওয়া হচ্ছে না।’ তিনি প্রশ্ন তুলে বলেন, যদি তিনি অবরুদ্ধ না হন, তাহলে যারা তাঁর সঙ্গে দেখা করতে চান তাঁদের কেন আসতে দেওয়া হচ্ছে না? তিনি অভিযোগ করে বলেন, ‘এই সরকার জালেম সরকার। সরকার শুধু দেশকে অবরুদ্ধ করেনি, দেশকে কারাগারে পরিণত করেছে। দেশে অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে।’
বক্তব্যের একপর্যায়ে পুলিশকে উদ্দেশ করে খালেদা জিয়া বলেন, ‘কেন রে ভাই, গ্যাস কেন মারা হচ্ছে? আমি তো কথা বলছি। কথাও কি আপনারা বলতে দেবেন না?’ পুলিশ বাহিনীতে সরকারের এজেন্ট ঢুকে গেছে মন্তব্য করে খালেদা জিয়া বলেন, বেশি বাড়াবাড়ি করবেন না। বাড়াবাড়ি বেশিদিন টিকবে না। এর পরিণতি ভোগ করতে হবে। নারীদের ওপর পেপার স্প্রে ও গ্যাস না ছোড়ার জন্য তিনি পুলিশের প্রতি আহ্বান জানান।

গত বছরের ৫ জানুয়ারির নির্বাচনের এক বছর পূর্তি আজ। বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট আজকের দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে পালনের কর্মসূচি দেয়। আজ রাজধানীতে সমাবেশ করার জন্য বেশ কয়েক দিন আগেই অনুমতি চায় দলটি। তবে ঢাকা মহানগর পুলিশ সমাবেশের অনুমতি দেয়নি।