খালেদার সাজার দাবিতে অবস্থান কর্মসূচি

মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার দাবিতে আজ মঙ্গলবার গুলশানে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিসহ কয়েকটি সংগঠন।
আজ মঙ্গলবার বেলা ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর গুলশান ২ নম্বর গোলচত্বরে কর্মসূচি পালন করা হয়। এতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযুদ্ধে শহীদদের সন্তান ও স্বজনসহ হাজারো মানুষ অংশ নেন। তারা প্রথমে গুলশান ২ নম্বরের তাহের টাওয়ার সামনে অবস্থান নেন এবং পরে গুলশান টাওয়ারে বিক্ষোভ করেন। গুলশান ২ নম্বর গোলচত্বরের পাশে ৭৯ নম্বরে খালেদা জিয়ার বাসভবন এবং ৮৬ নম্বরে তাঁর কার্যালয়।
অবস্থান কর্মসূচি শুরু হওয়ার পর গুলশান গোলচত্বরের পাশে আড়াআড়িভাবে ভ্যান রেখে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা খালেদা জিয়ার সাজার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
গতকাল সোমবার রাজধানীতে মুক্তিযোদ্ধা সমাবেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে। তিনি বলেন, ‘আজকে বলা হয় এত লক্ষ লোক শহীদ হয়েছে। এটা নিয়েও অনেক বিতর্ক আছে।’
খালেদা জিয়ার ওই মন্তব্যের পর মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। গত শুক্রবার প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীরা নির্বোধের মতো মারা গেছেন।
এসব বক্তব্যের পরই সমালোচনার মুখে পড়েন খালেদা জিয়া। এ জন্য তাঁর নামে নালিশি মামলাও হয়েছে। খালেদা জিয়ার ওই বক্তব্যের পর ফেসবুকের এক বার্তায় খালেদা জিয়ার বাড়ির সামনে প্রতিবাদ জানানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়।
অবস্থান কর্মসূচিতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেন, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় প্রথমেই খালেদা জিয়াকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার জন্য সরকারের কাছে দাবি জানান তিনি। মুক্তিযুদ্ধ নিয়ে যেন কটূক্তি করা না যায়, এ জন্য মুক্তিযুদ্ধ অস্বীকার অপরাধ আইন করারও দাবি জানান।
শাহরিয়ার কবির আরও বলেন, ‘এটা কূটনৈতিক এলাকা। ভিয়েনা কনভেনশন মেনেই আমরা প্রতিবাদ জানাচ্ছি। প্রতিবাদ ও নিন্দা জানিয়ে আমরা এখান থেকে চলে যাব।’
এ সময় ফেরদৌসী প্রিয়ভাষিণী সাংবাদিকদের বলেন, তিনি (খালেদা জিয়া) যা, তা একটি কথায় প্রমাণ করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুদিনে তিনি কেক কেটে জন্মদিন পালন করেন। তাঁকে আর নতুন করে কী চিনব? তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা উচিত।

অবস্থান কর্মসূচিতে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজসহ প্রমুখ অংশ নেন।
আরও পড়ুন..