খালেদার সাজার দাবিতে গুলশানে অবস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্যর জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার দাবিতে রাজধানীর গুলশানে অবস্থান কর্মসূচি পালন করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযুদ্ধে শহীদদের সন্তান ও স্বজনসহ সর্বস্তরের মানুষ। কর্মসূচিতে নানান প্ল্যাকার্ড ছিল। এই তিন যুবক প্ল্যাকার্ড ঝুলিয়েছে। ছবি: জাহিদুল করিম সেলিম
মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্যর জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার দাবিতে রাজধানীর গুলশানে অবস্থান কর্মসূচি পালন করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযুদ্ধে শহীদদের সন্তান ও স্বজনসহ সর্বস্তরের মানুষ। কর্মসূচিতে নানান প্ল্যাকার্ড ছিল। এই তিন যুবক প্ল্যাকার্ড ঝুলিয়েছে। ছবি: জাহিদুল করিম সেলিম

মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য সাজার দাবিতে আজ মঙ্গলবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবন ঘেরাও কর্মসূচি পালন করছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। খালেদা জিয়ার গুলশানের বাসভবন ঘেরাওয়ের জন্য এখন সংগঠনটির নেতা-কর্মীরা রাজধানীর গুলশান ২ নম্বর গোলচত্বরে অবস্থান করছেন। সেখান থেকে তাঁরা খালেদা জিয়ার গুলশানের বাসভবন ঘেরাও করতে যাবেন বলে জানা গেছে।
গত সোমবার রাজধানীতে মুক্তিযোদ্ধা সমাবেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে। তিনি বলেন, ‘আজকে বলা হয় এত লক্ষ লোক শহীদ হয়েছে। এটা নিয়েও অনেক বিতর্ক আছে।’
খালেদা জিয়ার ওই মন্তব্যের পর মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। গত শুক্রবার প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীরা নির্বোধের মতো মারা গেছেন।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির গুলশান ২ নম্বর গোলচত্বরে অবস্থান নিয়ে সেখানে উপস্থিত সাংবাদিকদের বলেন, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় প্রথমেই খালেদা জিয়াকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার জন্য সরকারের কাছে দাবি জানান তিনি। মুক্তিযুদ্ধ নিয়ে যেন কটূক্তি করা না যায়, এ জন্য মুক্তিযুদ্ধ অস্বীকার অপরাধ আইন করারও দাবি জানান তিনি।
শাহরিয়ার কবির আরও বলেন, এটা কূটনৈতিক এলাকা। ভিয়েনা কনভেনশন মেনেই আমরা প্রতিবাদ জানাচ্ছি। প্রতিবাদ ও নিন্দা জানিয়ে আমরা এখান থেকে চলে যাব।
এ সময় ফেরদৌসী প্রিয়ভাষিণী সাংবাদিকদের বলেন, তিনি (খালেদা জিয়া) যা, তা একটি কথায় প্রমাণ করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুদিনে তিনি কেক কেটে জন্মদিন পালন করেন। তাঁকে আর নতুন করে কী চিনব? তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা উচিত।
গুলশান ২ নম্বর গোলচত্বরে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযুদ্ধে শহীদদের সন্তান ও স্বজনেরা অবস্থান নিয়েছেন। সেখানে তাঁরা খালেদা জিয়ার সাজার দাবিতে নানা স্লোগান দিচ্ছেন ও মিছিল করছেন।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত আছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরীসহ প্রমুখ।

উল্লেখ্য, গুলশান ২ নম্বর গোলচত্বরের পাশে ৭৯ নম্বরে খালেদা জিয়ার বাসভবন এবং ৮৬ নম্বরে তাঁর কার্যালয়।

আরও পড়ুন..