খালেদার সিদ্ধান্তকে ইতিবাচক বললেন মাহবুব

এ বছর ১৫ আগস্ট বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন পালন না করার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন তাঁর দলের অনেক নেতাও। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর দিনে ঘটা করে খালেদার জন্মদিন পালনে বিএনপির নেতাদের কেউ কেউ বিরক্তও ছিলেন।
গত বছর জন্মদিনের প্রথম ক্ষণে খালেদা জিয়া কেক না কাটলেও ১৫ আগস্ট রাত নয়টার দিকে ঘটা করে কেক কেটেছিলেন। এবার জন্মদিনের কেক না কাটা বা অনুষ্ঠান না করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা। বিএনপির নেতাদের অনেকে এ সিদ্ধান্তে খুশি।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবস। তিনি জাতি সত্তার উন্মেষ ঘটিয়েছিলেন। অত্যন্ত নির্মমভাবে তাঁকে সপরিবারে হত্যা করা হয়েছিল। এদিন জাতীয় শোক দিবস। এই দিনের প্রতি সম্মান জানিয়ে বিএনপি চেয়ারপারসনের জন্মদিন পালন না করার সিদ্ধান্ত ইতিবাচক বার্তা বহন করে। তিনি দলের চেয়ারপারসনের এ সিদ্ধান্তকে স্বাগত জানান।
অবশ্য বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, দেশের ‘চলমান সংকট, বন্যা পরিস্থিতি ও দলের নেতা-কর্মীদের জেল-গুম-খুনের কারণে’ খালেদা জিয়া এবার তাঁর জন্মদিনের অনুষ্ঠান করবেন না।
তবে দলটির সূত্র জানায়, এটি বিএনপির কৌশলগত রাজনৈতিক অবস্থান। গত বছরও দেশের পরিস্থিতি প্রায় একই ধরনেরই ছিল। দলের নেতা-কর্মীদের অনেকে কারাগারে ছিলেন, গুম-খুনের শিকার হয়েছিলেন। মূলত এবার এ সিদ্ধান্ত নিয়ে খালেদা জিয়া রাজনীতিতে একটি বার্তা দিতে চেয়েছেন। এর মাধ্যমে বিএনপি বল আওয়ামী লীগের ‘কোর্টে’ ঠেলে দিয়েছে।