খালেদার সিলেটযাত্রায় উজ্জীবিত বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে সিলেট দীর্ঘ সড়কপথ। এ যাত্রায় কোনো কথা হয়নি। গাড়িতে বসে শুধু হাত নেড়ে শুভেচ্ছার জবাব দিয়েছেন। সিলেট সার্কিট হাউসে অবস্থানকালে নেতা–কর্মীদের উদ্দেশে কোনো বক্তব্যও ছিল না। সিলেট অঞ্চলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে একান্তে বসলেও শুধু কুশল বিনিময় হয়েছে। এতেই উজ্জীবিত সিলেট বিএনপি। গত সোমবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সিলেটযাত্রায় কোনো বিশৃঙ্খলা না হওয়া এবং বাধা সত্ত্বেও মানুষের ‘ঢল নামায়’ নেতারা বলছেন, এটিই একটি ‘বার্তা’, যা ভবিষ্যতে নেতা–কর্মীদের ‘উজ্জীবিত’ করবে।

গতকাল মঙ্গলবার সিলেটের বিভিন্ন স্তরের নেতা–কর্মীদের সঙ্গে আলাপ করে এমন মনোভাব পাওয়া গেছে। শীর্ষস্থানীয় নেতারা ছাড়াও জেলা, নগর ও উপজেলা পর্যায়ের ১২ জন কর্মীর সঙ্গে কথা হয়। তাঁরাও একসুরে বলেছেন, সফর ‘সফল’।

খালেদা জিয়ার সিলেট সফরের কর্মসূচি ছিল হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) মাজার জিয়ারত। সকাল থেকে বিকেল পর্যন্ত নেতা–কর্মীদের অপেক্ষা ছিল। বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের বিচ্ছিন্নভাবে ঘোরাঘুরির মধ্যে উৎকণ্ঠাও ছিল। সঙ্গে সাধারণ মানুষের ঔৎসুক্য। সবকিছু ছাপিয়ে কোনো অঘটন ছাড়াই সফর শেষ হওয়ায় স্বস্তি নেতা–কর্মীদের মধ্যে। দুই মাজার জিয়ারতের পর সার্কিট হাউসে অবস্থান শেষে রাত পৌনে ১০টার দিকে খালেদার গাড়িবহর ঢাকার উদ্দেশে রওনা হয়।

শত বাধাবিপত্তি ডিঙিয়ে লাখো মানুষ খালেদা জিয়াকে নীরবে অভিনন্দিত করেছে দাবি করে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম বলেন, স্বতঃস্ফূর্তভাবে মানুষ যেভাবে স্বাগত জানিয়েছে, সেটা অভাবনীয়। চেয়ারপারসন যেসব রাস্তা ধরে গিয়েছেন, সেসব রাস্তা আধা ঘণ্টা আগে ফাঁকা দেখালেও যেন মুহূর্তেই জনস্রোত নামে। ৮ ফেব্রুয়ারি কী রায় হবে, তা নিয়ে খালেদার কোনো দুর্ভাবনা নেই উল্লেখ করে এই নেতা বলেন, বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি প্রমাণ করে দিয়েছে, কোনো চক্রান্তের রায় তারা মানবে না।

৪৮ ঘণ্টার কম সময়ে সফরের আয়োজন করা হয়েছে জানিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, তাঁর সফরে কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। কিন্তু সফরকে ঘিরে বিএনপিকে কোনো মাইকিং করতে দেওয়া হয়নি, সভা-সমাবেশের অনুমোদন দেওয়া হয়নি। এরপরও দলমত-নির্বিশেষে যেভাবে তাঁকে মানুষজন স্বাগত জানিয়েছে, সেটা বিএনপির জন্য নতুন করে উৎসাহ জুগিয়েছে।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, ‘খালেদা জিয়ার নির্বিঘ্ন সফরে তৃণমূলে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সাধারণ মানুষ বিদ্বেষমূলক রাজনীতির বাইরে দাঁড়িয়ে স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ দেখতে চায়।’ খালেদা জিয়া কোনো কথা না বললেও নীরবে অনেক কথা হয়েছে বলে মনে করেন নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। তিনি বলেন, যদিও আনুষ্ঠানিক কোনো বৈঠক দলীয় চেয়ারপারসন করেননি, এরপরও সাংগঠনিক কিছু দিক-নির্দেশনা ছিল।

সার্কিট হাউসে আধা ঘণ্টা অবস্থানকালে খালেদা জিয়া সিলেট অঞ্চলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। সেখানে থাকা জেলা ও নগর বিএনপির তিনজন নেতা বলেছেন, অনেকটা দৃঢ় দেখাচ্ছিল তাঁকে। নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের ফাঁকে টুকটাক কিছু কথা বলেছেন। এর মধ্যে ছিল নেতাদের কর্মীদের প্রতি ‘খেয়াল’ রাখা, ‘সতর্ক’ থাকা আর আন্দোলন। আন্দোলন অব্যাহত রাখতে হবে—এ কথা বলার সঙ্গে সঙ্গে এ-ও বলেছেন যে, ‘যা করবেন, শান্তিপূর্ণভাবেই করবেন!’