ওমরাহ পালনের উদ্দেশ্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সৌদি আরবে তাঁর পূর্বঘোষিত সফরে যাননি। শেষ মুহূর্তে সফর স্থগিত করা নিয়ে নানা গুঞ্জন চলছে।
দলের একটি সূত্র জানায়, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নিয়ে হয়রানির নেপথ্যে সরকারের কূট তৎপরতা আছে, এ তথ্য পেয়ে খালেদা জিয়া শেষ মুহূর্তে যাত্রা বাতিল করেছেন।
তবে এ বিষয়ে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। খালেদা জিয়ার গতকাল বুধবার সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা ছিল।
শেষ মুহূর্তে সফর বাতিলের কারণ হিসেবে মির্জা ফখরুলের বিষয়টি ছাড়াও আরও দুই রকম ভাষ্য পাওয়া গেছে দলের অপর দুটি সূত্র থেকে। তা হলো, খালেদা জিয়ার পক্ষ থেকে সফরসঙ্গী হিসেবে সৌদি দূতাবাসে ১৫ জনের তালিকা পাঠানো হয়েছিল। সৌদি দূতাবাস সবাইকে রাজকীয় অতিথি করতে রাজি না হওয়ায় জটিলতা দেখা দেয়। যদিও খালেদা জিয়া সব সময় রাজকীয় অতিথি হিসেবেই পরিবারের সদস্যদের নিয়ে ওমরাহ পালন করে আসছেন। অপর ভাষ্যটি হচ্ছে, খালেদা জিয়ার সঙ্গে ওমরাহ পালনের উদ্দেশ্যে যুক্তরাজ্য থেকে তাঁর জ্যেষ্ঠ ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানও সৌদি আরবে যাওয়ার কথা ছিল। সেখানে দলীয় বিষয়ে মা-ছেলের আলোচনা হবে, দলে এমন কথা বলাবলি হচ্ছিল। কিন্তু গতকাল পর্যন্ত তারেক রহমান সৌদি ভিসা হাতে পাননি বলে তৃতীয় সূত্রটির দাবি।
দলীয় এই তিনটি সূত্রের কেউই সফর একেবারে বাতিল হয়ে গেছে কি না, তা নিশ্চিত করেননি। তাঁরা এটাকে আপাতত স্থগিত বলে মনে করছেন।
এ বিষয়ে জানতে চাইলে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গত রাতে প্রথম আলোকে বলেন, সফরটি বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত। এ বিষয়ে তিনি কিছু জানেন না।
এদিকে বিএনপি জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুত হয়েছে—দলের কয়েকজন নেতার সাম্প্রতিক এমন বক্তব্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সোমবার রাতে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে বিরক্তি প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি ভবিষ্যতে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে নেতাদের সতর্ক হতে পরামর্শ দিয়েছেন বলে ওই বৈঠকে অংশগ্রহণকারী পাঁচজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে।
ওই নেতারা বলেন, খালেদা জিয়া দলের নীতিনির্ধারণী কোনো বিষয়ে কারও ভিন্ন মত বা সমালোচনা থাকলে তা দলীয় ফোরামে বলার পরামর্শ দেন। তবে তিনি বৈঠকে কোনো নেতার নাম উল্লেখ করেননি।
বৈঠকে অংশগ্রহণকারী দলের স্থায়ী কমিটির একজন সদস্য গতকাল প্রথম আলোকে বলেন, দলে জিয়াউর রহমানের আদর্শ এখন আর নেই বলে অনেকে মনে করেন। এ নিয়ে দলের ভেতরে-বাইরে অনেক কথা হচ্ছে, পত্রপত্রিকায় লেখালেখিও হচ্ছে। এ নিয়ে সোমবার রাতের বৈঠকে বিএনপির চেয়ারপারসন উষ্মা প্রকাশ করেছেন।
তিন মাসের নিষ্ফল আন্দোলনের পর দলের ভেতরে-বাইরে সমালোচনা হচ্ছিল যে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ থেকে বিএনপির বিচ্যুতি হয়েছে। পাশাপাশি দলের স্থায়ী কমিটির তিনজন সদস্য মওদুদ আহমদ, মাহবুবুর রহমান ও আবদুল মঈন খানের ফাঁস হওয়া ফোনালাপেও আদর্শিক বিষয়টি উঠে আসে। এই বিএনপি দিয়ে হবে না—নেতাদের ফোনালাপে এমন কথাও রয়েছে।
দলের দায়িত্বশীল নেতারা মনে করছেন, খালেদা জিয়া এসব আলোচনার প্রতি ইঙ্গিত করেই নেতাদের দায়িত্বশীল ও সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন।
এর মধ্যে বিএনপিকে পুনর্গঠন করার কথাও কিছুদিন ধরে দলে আলোচিত হচ্ছিল। ঠিক এমন একটি সময়ে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন খালেদা জিয়া। বৈঠকে স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা, ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিবসহ ২০ জন নেতা উপস্থিত ছিলেন।
বৈঠকে ছিলেন এমন একাধিক নেতা প্রথম আলোকে বলেন, বৈঠকে মূলত নেতাদের মামলা নিয়েই বেশি সময় আলোচনা হয়েছে। একপর্যায়ে খালেদা জিয়া বলেছেন, দলের জ্যেষ্ঠ নেতারা দল নিয়ে বিভিন্ন জায়গায় মতামত দেবেন। তবে এমন কথা কেউ বলবেন না, যাতে তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে, দলের ভাবমূর্তি নষ্ট হয়। দলের আদর্শিক বা অন্য কোনো ভুল-ত্রুটি থাকলে তা বাইরে আলোচনা না করে দলীয় ফোরামে আলোচনার পরামর্শ দেন তিনি।