খালেদার হাজিরা নতুন কৌশল হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজির হওয়া আন্দোলনের নতুন কৌশল হতে পারে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশে ফতেহপুর রেলক্রসিংয়ে রেলওয়ে ওভারপাস নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন মন্ত্রী। রেলওয়ে ওভারপাসের প্রায় অর্ধেক কাজ সম্পন্ন ও কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করতে নির্বাচন কমিশন সম্পূর্ণ কর্তৃত্বপূর্ণ থাকবে।
গ্রেপ্তারি পরোয়ানা জারির ৪০ দিন পর খালেদা জিয়ার আদালতে হাজির হওয়া প্রসঙ্গে সাংবাদিকেরা জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘এটি বিএনপির বিলম্বিত বোধোদয় ও আন্দোলনের নতুন কৌশলও হতে পারে।’ সেতুমন্ত্রী বলেন, আগামী জুন মাসের মধ্যে চার লেন প্রকল্পের বেশির ভাগ কাজ সম্পন্ন হবে। সারা দেশে চার লেন প্রকল্পের কাজ সম্পন্ন হলে আগামী রোজা ও ঈদে সাধারণ মানুষ নির্বিঘ্নে ও নিরাপদে যানবাহনে চলাফেরা করতে পারবে, ঈদে নির্দিষ্ট সময়ে বাড়ি ফেরা নিশ্চিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী, ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, ফেনী পৌরসভার মেয়র আলা উদ্দিন, চার লেন প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক অরুণ আলো চাকমা, প্রকল্প ব্যবস্থাপক সন্তোষ কুমার রায়, ফেনী সড়ক ও জনপথ নির্বাহী প্রকৌশলী এনামুল হক, চার লেন প্রকল্পের পরামর্শক টিমের আবাসিক প্রকৌশলী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শুষেন চন্দ্র শীল প্রমুখ ।