রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় নাশকতার ঘটনায় করা বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। এ মামলায় বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমদসহ ২৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
গতকাল বুধবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন। আদালত আগামী ১৮ জুলাই অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন।
এ মামলায় খালেদা জিয়াসহ সাতজন জামিনে আছেন। চারজন কারাগারে আটক আছেন। বাকি ২৭ জন পলাতক রয়েছেন। সালাহউদ্দিন আহমদ ছাড়া পলাতক উল্লেখযোগ্য আসামিরা হলেন বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান, বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ। সালাহউদ্দিন বর্তমানে ভারতে আছেন।
খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, এ মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। এ ছাড়া একই ঘটনায় করা আরেকটি মামলায় খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।