খালেদা-তারেক জড়িত: হাসিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে গতকাল পুষ্পার্ঘ্য নিবেদন করেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: বাসস
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে গতকাল পুষ্পার্ঘ্য নিবেদন করেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমান জড়িত ছিল। এ নিয়ে তাঁর কোনো সন্দেহ নেই।
এগারো বছর আগের ওই হামলায় নিহতদের স্মরণে গতকাল শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে নির্মিত অস্থায়ী বেদিতে শ্রদ্ধা জানানোর পর এক আলোচনা সভায় শেখ হাসিনা এ কথা বলেন। তিনি বলেন, ‘১৫ আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গে যেমন জিয়াউর রহমান জড়িত ছিলেন, একইভাবে ২১ আগস্টের গ্রেনেড হামলার সঙ্গে তাঁর স্ত্রী খালেদা জিয়া ও পুত্র তারেক রহমান জড়িত। এতে কোনো সন্দেহ নেই।’
২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত আমাকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু পারে নাই। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে।’ তিনি বলেন, ‘তৎকালীন ব্রিটিশ হাইকমিশনারের ওপর বোমা হামলাসহ সন্ত্রাসের প্রতিবাদে শান্তি সমাবেশ করতে এসেছিলাম। বক্তৃতাও শেষ হয়েছে। এর মধ্যে ফটো সাংবাদিকেরা বললেন, আপা ছবি পাইনি। এর ৩০ সেকেন্ডের মধ্যে একের পর এক গ্রেনেড হামলা শুরু হয়। মেয়র মোহাম্মদ হানিফসহ অনেকে মানবঢাল তৈরি করে আমাকে রক্ষা করেন। সেই হামলায় কেন্দ্রীয় নেত্রী আইভি রহমান, আমাদের সকলের প্রিয় আদা চাচাসহ ২২ জন আওয়ামী লীগ নেতা-কর্মী নিহত হন। গ্রেনেডের স্প্লিন্টার বিদ্ধ হয়ে পঙ্গু হন অনেকে। অনেকেরই স্বাভাবিক জীবনে ফেরা হয়নি।’
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে স্থাপিত অস্থায়ী বেদিতে প্রথমে প্রধানমন্ত্রী ও পরে দলীয় সভানেত্রী হিসেবে ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। পরে ১৪ দল এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, সুরঞ্জিত সেনগুপ্ত, শেখ ফজলুল করিম সেলিম, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননসহ ১৪ দলের নেতারা উপস্থিত ছিলেন।
শেখ হাসিনা বলেন, ‘তখন বিএনপি-জামায়াত ক্ষমতায়। আলামত নষ্ট করে দেওয়া হয়। সিটি করপোরেশনের গাড়ি এনে ঘটনাস্থল পরিষ্কার করে ফেলা হয়। অবিস্ফোরিত গ্রেনেড সংরক্ষণ না করে ধ্বংস করে দেওয়া হয়। ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে জজ মিয়া নাটক সাজানো হয়। আইভি রহমানকে ঢাকার সিএমএইচে চিকিৎসার নামেও অনেক রহস্যজনক ঘটনা ঘটে। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া যখন সিএমএইচে দেখতে যান, তখন আইভি রহমানের ছেলেমেয়েদের পাশের ঘরে তালাবদ্ধ করে আটকে রাখা হয়েছিল। এর পেছনে রহস্য কী ছিল, জানি না।’ তিনি বলেন, এ নৃশংস হত্যাযজ্ঞের সঙ্গে জড়িতদের বিচার হতেই হবে। তা না হলে সন্ত্রাস বাড়তেই থাকবে। খুনিরা কেউ রেহাই পাবে না।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি যখন গণতন্ত্রের কথা বলে তখন আমার খারাপ লাগে। কারণ যারা গণতন্ত্রের নামে মানুষ পুড়িয়ে মারে, তাদের মুখে গণতন্ত্র মানায় না।’ তিনি বলেন, ‘২০১৩ ও ২০১৫ সালে পেট্রলবোমায় মানুষ পুড়িয়ে মারা হয়েছে। পেট্রলবোমা হামলা ও পরিকল্পনাকারীদের শাস্তি দিতেই হবে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। অন্যায়কে প্রশ্রয় দেব না, দেওয়া যায় না।’
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর কয়েকজন হত্যাকারী আমেরিকা, কানাডা ও পাকিস্তানে পালিয়ে আছে। তারা খুনিদের ফেরত দিচ্ছে না। অথচ তাদের মুখে মানবাধিকারের কথা শুনতে হয়। নারী, শিশু ও অন্তঃসত্ত্বাদের হত্যাকারীদের প্রশ্রয় দেওয়া হলে তাদের মানবাধিকার কোথায় থাকে।