খালেদা-তারেককে নিয়ে তথ্যমন্ত্রীর বক্তব্য অরুচিকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ‘অবাঞ্ছিত’ ও ‘অরুচিকর’ মন্তব্য করেছেন বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির দাবি, মন্ত্রিত্ব টিকিয়ে রাখা এবং প্রধানমন্ত্রীকে সন্তুষ্ট করতে ইনু প্রতিদিন এই দুজনের বিরুদ্ধে বিষোদ্গার করে যাচ্ছেন।
গতকাল বুধবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন এ দাবি করেন। তিনি বলেন, সরকারের বিভিন্ন পর্যায় থেকে বিএনপির নেতাদের নাম উল্লেখ করে যেসব অবাঞ্ছিত মন্তব্য করা হচ্ছে, তাতে কোনো আশাবাদের জায়গা আর থাকছে না। দূষিত রাজনীতির বিষবাষ্পে মানুষের এখন দম বন্ধ হওয়ার উপক্রম।