খালেদা-তারেকের প্রতিদ্বন্দ্বী নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমান আবারও বিএনপির চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন। দলের শীর্ষ ওই দুই পদে মা ও ছেলের কোনো প্রতিদ্বন্দ্বী পাওয়া যায়নি।
বিএনপির ষষ্ঠ কাউন্সিল সামনে রেখে গতকাল বুধবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র বিতরণ করা হয়।
সকাল পৌনে ১১টার দিকে বিএনপির চেয়ারপারসন পদে খালেদা জিয়ার পক্ষে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মনোনয়নপত্র নেন। বেলা সাড়ে তিনটার দিকে সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের আরেক যুগ্ম মহাসচিব মো. শাহজাহান।
গতকাল মনোনয়নপত্র সংগ্রহের নির্ধারিত সময় শেষে রিটার্নিং কর্মকর্তা বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, চেয়ারপারসন পদে খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তাঁরা অপেক্ষা করেছিলেন আর কেউ নেন কি না। কিন্তু আর কেউ মনোনয়নপত্র নেননি। তবে এখনই তাঁরা নির্বাচিত হয়ে যাননি। যাচাইবাছাই ও মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ৬ মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে।