খাস জমিতে আ. লীগ নেতাদের ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানীবাজারে  খাসজমিতে অবৈধভাবে চারতলা বাণিজ্যিক ভবন নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। তাঁরা এলাকায় স্থানীয় সাংসদ মামুনুর রশীদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। জেলা প্রশাসকের কার্যালয় থেকে গত ২৮ মে ওই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খাসজমি দখলমুক্ত করার জন্য সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেওয়া হয়েছে। তবে গতকাল শনিবার পর্যন্ত নির্দেশটি বাস্তবায়ন করা হয়নি।

বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কে এম ইয়াছির আরাফাত বলেন, জেলা প্রশাসকের কার্যালয় থেকে উচ্ছেদের চিঠি পেয়ে ইতিমধ্যে স্থানীয় তহশিলদারের মাধ্যমে নির্মাণকাজ বন্ধ রাখতে বলা হয়েছে। খাস খতিয়ানের জায়গা থেকে অবৈধ দখলদার উচ্ছেদে অভিযান চালানোর প্রস্তুতি চলছে।

 উপজেলা প্রশাসন সূত্র জানায়, ওই জমিতে একসময় সরকারি খাদ্যগুদাম ছিল। গুদামটি ভেঙে যাওয়ার পর জায়গাটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। ওই জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়ার পর ২৮ মে নোয়াখালী জেলা প্রশাসন তা উচ্ছেদের নির্দেশ দেয় বেগমগঞ্জ উপজেলা প্রশাসনকে।

গত বুধবার সকালে সরেজমিনে দেখা যায়, ছয়ানী ইউনিয়নের ছয়ানীবাজারে লক্ষ্মণপুর মৌজার পেরীফেরীভুক্ত ১ নম্বর খাস খতিয়ানের ১৫৫১ দাগের ৫ শতাংশ জমির ওপর ভবনের নির্মাণকাজ চলছে। ইতিমধ্যে ভবনের মাটির নিচের ভিত্তি স্থাপনের কাজ শেষ হয়েছে। এখন চলছে ভবনের স্তম্ভ বসানোর কাজ।

কারা এই ভবন নির্মাণ করছে, জানতে চাইলে ছয়ানীবাজারের স্থানীয় ব্যবসায়ীরা মুখ খুলতে রাজি হননি। একাধিক ব্যবসায়ী বলেন, এ বিষয়ে কথা বললে প্রাণও চলে যেতে পারে।

অবৈধ এই স্থাপনা নির্মাণপ্রক্রিয়ার সঙ্গে ছয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিন উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুর রশিদ মোল্লা, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহীন ও যুবলীগনেতা হারুনুর রশিদ, আওয়ামী লীগের কর্মী ইসমাইল হোসেন, মো. মাহবুব, কফিল উদ্দিন, মো. ইসমাইল, নাছির আলম ও নুরুল আমিন জড়িত বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে কথা হয় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুর রশিদ মোল্লার সঙ্গে। তিনি দাবি করেন, ওই জায়গা একসনা বন্দোবস্ত (লিজ) নেওয়া হয়েছে। লিজের সঙ্গে তিনি যুক্ত নন। তিনি স্থানীয় সাংসদের পক্ষে কাজ করছেন।

ছয়ানী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহির উদ্দিন অভিযোগ করেন, সবকিছুই হচ্ছে স্থানীয় সাংসদ মামুনুর রশিদের নাম ব্যবহার করে। তাঁর দাবি, সরকারি খাদ্যগুদামের খাস জায়গার ওপর ভবন নির্মাণ করতে গিয়ে তাঁর ও আরও কয়েক ব্যক্তির বন্দোবস্ত নেওয়া জায়গার অংশও দখল করা হয়েছে। এই দখলের ফলে বাজারের জামে মসজিদের সড়কটিও অনেক সরু হয়ে গেছে।

তবে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিন উদ্দিনের দাবি, ওই জায়গা সরকার ১০ জনের নামে বন্দোবস্ত দিয়েছে। তিনি বলেন, ‘এমপি সাহেব (মামুনুর রশিদ) লোকাল আওয়ামী লীগের লোকজনকে দিয়ে কাজটি করাচ্ছেন। কারও জায়গা দখল হওয়ার কথা ঠিক নয়।’ একসনা বন্দোবস্তের জায়গায় স্থায়ী অবকাঠামো নির্মাণের সুযোগ আছে কি না—জানতে চাইলে মহিন উদ্দিন বলেন, ‘সারা দেশেই তো এভাবে সরকারি জায়গা দখল হচ্ছে।’

এ বিষয়ে বক্তব্য জানতে সাংসদ মামুনুর রশিদের  সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। তিনি ফোন ধরেননি। খুদে বার্তা পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম জাফর উল্যাহ বলেন, সরকারি খাসজমিতে পাকা ভবন কিংবা ভিত্তি স্থাপনের কোনো সুযোগ নেই। কেউ করে থাকলে তা উচ্ছেদ হয়ে যাবে।