খাসজমির দখল নিয়ে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১
নাটোরের নলডাঙ্গা উপজেলায় হালতিবিলের খাসজমি দখলকে কেন্দ্র করে কুচকুড়ি গ্রামে গতকাল শনিবার ইউনিয়ন আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আবদুস সামাদ মোল্লা (৪৫) নামের এক ব্যক্তি নিহত ও সাতজন আহত হয়েছেন।
আহত ব্যক্তিদের নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নলডাঙ্গা থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, হালতিবিলে ১১ একর খাসজমি দখল নিয়ে দীর্ঘদিন থেকে খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান মৃধা ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেনের মধ্যে বিরোধ চলে আসছে। খলিলুর মৃধা খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
গতকাল বেলা ১১টার দিকে বিরোধপূর্ণ ওই জমি দখল করতে যান সোহরাব হোসেনের সমর্থকেরা। এ সময় খলিলুরের সমর্থকেরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের আটজন আহত হন। আহত ব্যক্তিদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হলে আবদুস সামাদ মোল্লা নামের একজনের মৃত্যু হয়।