খুন, বিনা বিচারে হত্যা ও গুম কেন হচ্ছে সে বিষয়ে সরকারের কাছে জবাবদিহি চেয়েছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেছেন, এই চাওয়া শুধু তাঁর ব্যক্তিগত নয়, সারা জাতির চাওয়া।
জেলহত্যা দিবস উপলক্ষে গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে গণফোরাম আয়োজিত আলোচনা সভায় কামাল হোসেন এ কথা বলেন। তিনি বলেন, ‘আজকে কী আমরা বলতে পারছি, মানুষকে শোষণ থেকে মুক্ত করতে পারছি? আমরা কী বুকে হাত দিয়ে বলতে পারি, আইনের আশ্রয় সকলে ভোগ করছে? আমাদের এর জবাবদিহি করতে হবে। যাঁরা সরকারের দায়িত্ব নেন, তাঁদের সরাসরি মানুষের কাছে জবাবদিহি করতে হবে। তাঁদের (সরকার) কাছে জবাব চাইব, পত্রপত্রিকা খুলেই কেন দেখতে হয় খুন, বিনা বিচারে হত্যা, গুম। এটা বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, শহীদের প্রতি ও সংবিধানের প্রতি অশ্রদ্ধা কি না, এর জবাবদিহি আমরা চাই।’
বিভিন্ন হত্যার বিচার না হওয়ার কথা উল্লেখ করে আইনজ্ঞ কামাল হোসেন বলেন, সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যার বিচার এখনো হয়নি। পঁচাত্তরের ৩ নভেম্বরের হত্যার বিচার এখনো হয়নি কেন? ঝুলে যাচ্ছে কেন? ১৬ কোটি মানুষের পক্ষ থেকে এই প্রশ্ন। ৩৯ বছরে এটা হবে না কেন? আজকে তো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায়, তাহলে কেন বিচার হচ্ছে না? এসব বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
গণফোরামের সভাপতি বলেন, ৩ নভেম্বরের আক্রমণ শুধু ব্যক্তিকে কেন্দ্র করে নয়, সারা জাতিকে লক্ষ্য করে এই আক্রমণ করা হয়। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার হত্যাকাণ্ড ছিল সারা জাতিকে পঙ্গু করে দেওয়ার জন্য। তাঁরা অসম্ভবকে সম্ভব করেছিলেন, সবাইকে ঐক্যবদ্ধ করে তাঁরা বিজয় অর্জন করেছিলেন। তাঁরা ইতিহাসে স্বীকৃতি পেয়েছেন। তাঁরা স্বপ্ন দেখেছিলেন, বৈষম্যহীন, শোষণমুক্ত সমাজ হবে, জনগণই হবে ক্ষমতার প্রকৃত মালিক। জীবনের ঝুঁকি নিয়ে হলেও তাঁদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। স্বাধীনতার মূল্য উপলব্ধি করতে হবে।
কামাল হোসেন বলেন, ‘আজকে যদি কেউ বলে আমি ভীত, অসহায়, মুখ খুলতে পারি না। তাহলে এটা হবে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা ও শহীদদের প্রতি অসম্মান।’ বৈষম্য ভয়াবহ আকার ধারণ করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘এটা কি আমরা চেয়েছি? দলমত-নির্বিশেষে বঙ্গবন্ধু ও চার নেতার আদর্শের বিষয়ে ঐক্যবদ্ধ হতে হবে। এই ঐক্য শক্ত, কার্যকর ও অর্থপূর্ণ হতে হবে।’
আলোচনা সভায় আরও বক্তব্য দেন গণফোরামের নেতা সুব্রত চৌধুরী, মোস্তফা মহসীন মন্টু, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর প্রমুখ।