বঙ্গবন্ধুর খুনিদের বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে যুক্তরাষ্ট্র ও কানাডা দ্বৈতনীতি অনুসরণ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। আর এ কারণেই এত দিন পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। তবে তাঁদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেন জানান আশরাফ।
গতকাল শুক্রবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফ এসব কথা বলেন।
এর আগে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর ৩৯তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল সকাল পৌনে ১০টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। ১০টার দিকে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর প্রধানেরা এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার সামরিক অভিবাদন জানান। শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধির কাছে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় কোরআন তিলাওয়াত করে বঙ্গবন্ধু ও তাঁর স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।
এ সময় সৈয়দ আশরাফ ছাড়াও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, নৌমন্ত্রী শাজাহান খান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর পর জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর মন্ত্রিসভার সদস্য, জাতীয় সংসদের সদস্য, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কেন্দ্রীয় নেতা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে আশরাফ বলেন, এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে। খুনিদের দেশে ফিরিয়ে আনতে অনেক সময় ধীরগতিতে চলতে হয়। সময়মতো তাঁদের দেশে ফিরিয়ে এনে রায় বাস্তবায়ন করা হবে। মন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্র ও কানাডা মানবাধিকারসহ বিভিন্ন বিষয় নিয়ে সব সময় বড় বড় কথা বলে। অথচ যুক্তরাষ্ট্রে প্রতি মাসে মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে।
শেখ হাসিনা বেলা সোয়া ১১টার দিকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন।