খুনিদের সঙ্গে সংলাপের প্রশ্নই ওঠে না: তোফায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ । প্রথম আলাে ফাইল ছবি
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ । প্রথম আলাে ফাইল ছবি

বিএনপির উদ্দেশে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘তারা এখন সংলাপ চায়। কিসের সংলাপ? কার সঙ্গে সংলাপ? খুনিদের সঙ্গে সংলাপ! প্রশ্নই ওঠে না। নির্বাচন হবে সংবিধান অনুসারে।’ আজ রোববার দুপুরে ভোলা সরকারি কলেজে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। 

তোফায়েল আহমেদ বলেন, ‘২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়াকে গণভবনে দাওয়াত দিয়েছিলেন সংলাপে বসার জন্য। কিন্তু খালেদা জিয়া তা প্রত্যাখ্যান করেছিলেন। খালেদা জিয়ার ছেলে কোকো মারা যাওয়ার পর তাঁর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গিয়েছিলেন। কিন্তু তাঁরা তাঁর মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছিলেন। ২০১৪ সালে বিএনপি নির্বাচন না করে ভুল করেছিল। আবার যদি নির্বাচন না করে, তা হবে বিএনপির রাজনৈতিক আত্মহত্যা। এই দলটির অস্তিত্ব ভবিষ্যতে কেউ খুঁজে পাবে না। তবে আমি মনে করি, বিএনপি নির্বাচনে আসবে।’
বাণিজ্যমন্ত্রী শিক্ষার্থী ও উপস্থিত জনতার উদ্দেশে আরও বলেন, ‘পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে হত্যা করতে পারেনি। কিন্তু যত দিন আকাশ-বাতাস থাকবে, তত দিন এই বাঙালির মণিকোঠায় বঙ্গবন্ধু থাকবে। যারা বঙ্গবন্ধুকে খুন করেছে, তাদের জিয়াউর রহমান পৃথিবীর বুকে বিভিন্ন স্থানে চাকরি দিয়েছে। তার স্ত্রী খালেদা জিয়া খুনিদের সংসদ সদস্য করে।’
তিনি বলেন, ‘ইনডেমনিটি অর্ডিন্যান্স জিয়া জারি করেছে, যাতে খুনিদের বিচার না হয়। কিন্তু সেটা আমরা বাতিল করে বঙ্গবন্ধুর খুনিদের বিচার শুরু করেছিলাম। কিন্তু ২০০১ সনে বিএনপি ক্ষমতায় এসে সেই বিচার বন্ধ করে দেয়। তার মানে জিয়া এবং ষড়যন্ত্রকারীরা চাইত না বঙ্গবন্ধু হত্যার বিচার হোক।’
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘খালেদা জিয়া খুনিদের গাড়িতে পতাকা দিয়েছেন। তাদের সংসদে মেম্বার করেছেন। তাঁর দলের সদস্যরা ২০০১ সালের পরে ভোলায় অমানুষিক নির্যাতন করেছে। ভোলায় এমন কোনো আওয়ামী লীগ নেতা-কর্মী নেই, যার ওপর অত্যাচার-নির্যাতন করেনি। বিএনপি যদি আবার ক্ষমতা পায়, বাংলাদেশে লাখ লাখ লোক হত্যা করবে।’
তোফায়েল বলেন, ‘২০০১ সালের পর লালমোহনে ধলিগৌর নগর ইউনিয়নে পানির মধ্যে থেকে তুলে নিয়ে মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করেছে বিএনপির কর্মীরা। শেখ হাসিনা দেশকে আজ অনেক উচ্চতায় নিয়ে গেছেন। দেশ আজ ডিজিটাল বাংলাদেশ। আন্তর্জাতিক বিশ্বে দেশ আজ উন্নয়নের রোল মডেল।’
মন্ত্রী ভোলা সরকারি কলেজে একটি অডিটোরিয়াম ও ছাত্রী হোস্টেল নির্মাণের ঘোষণা দেন। এর আগে ভোলা সরকারি কলেজে বিজ্ঞান, বাণিজ্য, প্রশাসনিক ভবনসহ ৪টি নবনির্মিত ভবন উদ্বোধন করেন। এ ছাড়া ভোলা সদর উপজেলা পরিষদের আয়োজনে মাধ্যমিক ও দাখিল পর্যায়ের দরিদ্র ও মেধাবী ২৬৭ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘ভোলা-বরিশাল ব্রিজ হবে। এত রাস্তা-ঘাট আমার করা। নদীভাঙন রোধে আরও ৫০০ কোটি টাকা বরাদ্দ হবে। একনেকে পাসের জন্য যাবে। ভোলায় একটি সার কারখানা হবে। ভোলাকে উন্নয়নের রোলমডেলে রূপান্তর করছি। ভোলা হবে বাংলাদেশের সিঙ্গাপুর।’
ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ পারভীন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মো. ইউনুস, জেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন প্রমুখ।