খুব শিগগির শান্তির সুবাতাস: কামরুল

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, দেশে শান্তি ফিরিয়ে আনতে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। দেশে খুব শিগগির শান্তির সুবাতাস ফিরে আসবে।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় খাদ্যমন্ত্রী এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন অভিনেতা এ টি এম শামসুজ্জামান।
কামরুল ইসলাম বলেন, দেশ স্বাভাবিক হবেই। হয়তো একটু সময় লাগছে। দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার বদ্ধপরিকর।
আলোচনা সভায় খাদ্যমন্ত্রী বলেন, ‘আপনারা দেখেছেন সন্ত্রাসী ও জঙ্গিদের নির্মূল করতে অভিযান চলছে। এই জঙ্গি ও সন্ত্রাসীদের যারা মদদ দেয়, তাদের শীর্ষদের নির্মূল করতে সরকার আরও কঠোর হবে।’
‘সন্ত্রাসীরা কোনো দলের না’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমানের এমন মন্তব্যের বিষয়ে কামরুল ইসলাম বলেন, ‘এই কথা যদি আপনাদের মনের কথা হয়, তাহলে সেই অরাজকতা থেকে বেরিয়ে আসুন। আমি মনে করি, বিএনপিতে এখনো মুক্তিযুদ্ধের সপক্ষের কিছু লোক আছেন। তাঁদের প্রতি আহ্বান, খালেদা-তারেক থেকে বেরিয়ে আসুন। তাঁরা আপনাদের দলকে আইএসআই ও জঙ্গি ভাবধারায় পরিণত করেছেন। আপনাদের দলকে রক্ষা করার দায়িত্ব আছে। দয়া করে আপনারা সেই দায়িত্বটুকু পালন করুন।’
খালেদা জিয়ার উদ্দেশে এ টি এম শামসুজ্জামান বলেন, ‘আপনার জন্য একটি বিশেষ ঘর অপেক্ষা করছে। সেটা হলো শ্রীঘর। দেখি আপনার আশপাশের লোকেরা আপনাকে কীভাবে ছাড়িয়ে আনেন।’
প্রয়াত চলচ্চিত্রকার আলমগীর কুমকুমের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভায় আরও বক্তব্য দেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার প্রমুখ।