খুলনা জেলা আ.লীগের সম্মেলনে বিশৃঙ্খলা
বিশৃঙ্খলা, ভাঙচুর ও পাল্টাপাল্টি ধাওয়ার মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার খুলনা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শেষ হয়েছে।
জেলা স্টেডিয়ামসংলগ্ন মাঠে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে সন্ধ্যায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেন, সমঝোতার ভিত্তিতে নতুন সভাপতি হিসেবে খুলনা জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে খুলনা-৪ আসনের সাংসদ এস এম মোস্তফা রশিদী সুজাকে মনোনীত করা হয়েছে। ২০০৪ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত সর্বশেষ সম্মেলনেও এ দুজন একই পদে মনোনীত হয়েছিলেন।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, চলতি সম্মেলনের তারিখ ঘোষণার প্রথম দিকে সভাপতি প্রার্থী হিসেবে শুধু হারুনুর রশিদের নাম শোনা গেলেও অনুষ্ঠানের দুই দিন আগে মোস্তফা রশিদী সুজা সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। গতকাল সকাল থেকে সম্মেলনের প্রথম অধিবেশন শান্তিপূর্ণভাবে শেষ হয়। তবে বিকেলে দ্বিতীয় অধিবেশনের একপর্যায়ে মঞ্চে অতিথিদের উপস্থিতিতেই দুই সভাপতি প্রার্থীর সমর্থকেরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
একপর্যায়ে ধাক্কাধাক্কিতে দলের কেন্দ্রীয় নেতা এস এম কামাল হোসেন মঞ্চ থেকে নিচে পড়ে যান। এর পরপরই সম্মেলনস্থলে উপস্থিত দুই পক্ষের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জোবায়ের আহমেদ, জেলা আওয়ামী লীগের নেতা হুমায়ূন কবির, জেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান জামাল, যুগ্ম সম্পাদক অজিত বিশ্বাস, ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রবিন বসু ও রূপসা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আকবরসহ বেশ কয়েকজন আহত হন।
এ সময় মোস্তফা রশিদী সুজার সমর্থকেরা হারুনুর রশিদের সমর্থকদের ওপর চড়াও হতে দেখা যায়। হারুনুরের ছবি, পোস্টার, ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। একপর্যায়ে তাঁরা সম্মেলনস্থলের অদূরে জেলা পরিষদের কার্যালয়ে ব্যাপক ভাঙচুরর চালান। পরে দলের শীর্ষ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
এরপর মাহাবুব উল আলম হানিফ নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে বলেন, ‘সম্মেলনে কারা, কোন নেতার জন্য এ ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছেন সেটা আমি বলতে চাই না। তবে এ কাজ করে তাঁরা তাঁদের নেতারই ক্ষতি করেছেন।’ এ সময় তিনি সাংসদ মোস্তফা রশিদী সুজার প্রতি ইঙ্গিত করে বলেন, ‘আমাদের সবাইকে মনে রাখতে হবে, একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া দলের জন্য কেউ অপরিহার্য নয়। কেউ যদি সেটা মনে করেন; তবে তিনি ভুল করছেন।’ বিশৃঙ্খলা সৃষ্টি ও ভাঙচুরের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
সকালের অধিবেশনে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ। প্রধান বক্তা ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক।