খুলনা মহানগর ছাত্রলীগের সম্মেলন আজ
পাঁচ বছর পর আজ সোমবার খুলনা মহানগর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এবার এই সম্মেলন হতে যাচ্ছে কোনো কাউন্সিলর ছাড়াই।
সকাল ১০টায় নগরের শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক।
সংগঠন সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০১০ সালের ২ অক্টোবর দেবদুলাল বাড়ইকে সভাপতি ও শেখ শাহজালাল হোসেনকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্যের কমিটি করা হয়। ২০১২ সালের ৪ জুন ১৬১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় ছাত্রলীগ। তবে ওই কমিটি থানা, ওয়ার্ড ও কলেজ কমিটি দিতে না পারায় এবারের সম্মেলনে কোনো কাউন্সিলর থাকছে না।
সম্মেলন উদ্বোধন করবেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগ। প্রধান বক্তা থাকবেন সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।
বিশেষ অতিথি হিসেবে বেগম মন্নুজান সুফিয়ান, এস এম কামাল হোসেন, তালুকদার আব্দুল খালেক, শেখ হারুনুর রশিদ, এস এম মোস্তফা রশিদী ও মিজানুর রহমান উপস্থিত থাকবেন।
বর্তমান কমিটির সহসভাপতি সোহেল বিশ্বাস প্রথম আলোকে বলেন, সম্মেলনে কোনো কাউন্সিলর মনোনীত করা হয়নি। কেন্দ্রীয় নেতারা মহানগর ছাত্রলীগের নেতৃত্ব ঠিক করবেন।
এদিকে সভাপতি পদে শেখ শাহজালাল হোসেন, তাজমুল হক ও সোহাগ হাওলাদার এবং সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান রাসেল, আলিমুল জিয়া, সোহেল বিশ্বাস, আব্দুল্লাহ আল মানিক, নিশাত ফেরদৌস ও শেখ আসাদুজ্জামান বাবুর নাম শোনা যাচ্ছে।