খুলনা মহানগর জাপার দ্বিবার্ষিক সম্মেলন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ আট বছর পর খুলনা মহানগর জাতীয় পার্টির (জাপা) দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ শুক্রবার। সকাল ১০টায় নগরের জাতিসংঘ পার্কে এ সম্মেলন শুরু হবে।
সম্মেলন উদ্বোধন করবেন দলের কো-চেয়ারম্যান জি এম কাদের। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। এ ছাড়া প্রেসিডিয়াম সদস্য সাঈদুর রহমান, সুনীল শুভ রায়, এস এম ফয়সাল চিশতী ও মীর আবদুস সবুর আসুদ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা জাপার সভাপতি শফিকুল ইসলাম, খুলনা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন প্রমুখ উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও মহানগরের সভাপতি শেখ আবুল হোসেন।
সর্বশেষ ২০০৮ সালে খুলনা নগর জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন হয়। তখন আবদুল গফফার বিশ্বাসকে সভাপতি ও মোল্লা মুজিবরকে সাধারণ সম্পাদক করে কমিটি করা হয়। পরে গফফার বিশ্বাস দলত্যাগ করায় এবং প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ার অভিযোগ এনে মুজিবর রহমানকে সরিয়ে দিয়ে ২০১৪ সালের ২৫ মার্চ নতুন সভাপতি ও সম্পাদক মনোনীত করা হয়। সভাপতি হন শেখ আবুল হোসেন ও সম্পাদক তরিকুল ইসলাম। সম্মেলন ছাড়া ওই কমিটি ছিল ১১১ সদস্যের।
সম্মেলন ঘিরে দলের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। কাঙ্ক্ষিত পদের আশায় দৌড়ঝাঁপ চালিয়ে যাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা।
সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব তরিকুল ইসলাম বলেন, সম্মেলনে ৪৬৫ জন কাউন্সিলর ও ১ হাজার ৫০০ ডেলিগেট উপস্থিত থাকবেন বলে আশা করেছেন তিনি।