খুলনা মহানগর বিএনপিতে বিরোধ তুঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন সম্মেলন ঘিরে খুলনা মহানগর বিএনপির বিরোধ মারাত্মক আকার ধারণ করেছে। খালিশপুর থানা কমিটি বিলুপ্ত ও ছয়জনকে অব্যাহতি দেওয়ার পর এই বিরোধ প্রকাশ্য রূপ নিয়েছে।

বর্তমান মহানগর কমিটির বিপক্ষে সরাসরি অবস্থান নিয়েছেন নগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সাহারুজ্জামান মোর্তজা ও সদ্য অব্যাহতি পাওয়া কোষাধ্যক্ষ এবং খালিশপুর থানা কমিটির সাধারণ সম্পাদক এস এম আরিফুর রহমান। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন সদ্য বিলুপ্ত খালিশপুর থানা কমিটির কয়েকজন নেতা। খালিশপুর এলাকায় নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন তাঁরা।

গতকাল মঙ্গলবার সাহারুজ্জামানের নেতৃত্বে একটি পক্ষ খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। সেখানে নগর বিএনপির সম্মেলন প্রতিহতের ঘোষণা দেওয়া হয়েছে। সম্মেলন প্রতিহতের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন বলে জানান তাঁরা।

ইতিমধ্যে খুলনা নগরের সব থানার ওয়ার্ড কমিটি করা হয়েছে। ১৮ ও ১৯ নভেম্বর সোনাডাঙ্গা ও সদর থানার সম্মেলনের দিন নির্ধারণ করা আছে। নির্ধারিত সময়েই থানা ও নগর সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম। সম্মেলন প্রতিহতের ঘোষণাকে ‘ফাঁকা বুলি’ বলে উল্লেখ করে তিনি বলেন, ‘কিছু নেতা-কর্মী নিয়ে তাঁরা “ফাঁকা বুলি” দিচ্ছেন। অন্য সব নেতা-কর্মী আমাদের সঙ্গে আছেন।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শোনান সাহারুজ্জামান। তিনি বলেন, ‘খুলনা মহানগরের যেখানেই সম্মেলন হবে সেখানেই তা প্রতিহত করা হবে। প্রতিহতের জন্য রক্ত ঝরলেও তা থেকে পিছপা হব না।’ রক্তাক্ত খুলনা মহানগর বিএনপি দেখতে না চাইলে ১৬ নভেম্বরের মধ্যে থানা নগর সম্মেলন স্থগিত করে নতুন নেতৃত্বে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করার জন্য কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

সাহারুজ্জামানের দাবি, বিতর্কিত সম্মেলনের মাধ্যমে ২০০৯ সালে বর্তমান মহানগর কমিটি করা হয়। ওই কমিটির মেয়াদকাল দুই বছর থাকলেও তা চলছে সাত বছর ধরে। গত মে মাসে কেন্দ্রীয় কমিটি যে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে ওই কমিটিতে আছেন নগর সভাপতির আজ্ঞাবহ ও ভৃত্য সমতুল্য নেতা-কর্মীরা। বিএনপির সংবিধান অনুযায়ী ওয়ার্ড কমিটি গঠন করে দেয় থানা কমিটি। কিন্তু এখানে নজরুল ইসলাম নিজেই তাঁর পছন্দমতো লোক দিয়ে ওয়ার্ড কমিটি করেছেন। আবার তাঁদের নিয়েই থানা কমিটি করতে যাচ্ছেন।

তবে এই অভিযোগ অস্বীকার করে নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, কেন্দ্রীয় নির্দেশেই দল পুনর্গঠনের কাজ চলছে। প্রথম ধাপে ওয়ার্ড সম্মেলন হয়েছে। এখন থানা সম্মেলনের প্রস্তুতি চলছে। আগামী সপ্তাহ থেকে সম্মেলন শুরু হবে। অব্যাহতি পাওয়া নেতারা কেন্দ্রে গিয়ে লিখিত অভিযোগ করেছেন। কিন্তু কেন্দ্রীয় নেতারা তাতে কোনো সাড়া দেননি। বরং নির্ধারিত সময়েই সম্মেলন করার নির্দেশনা দিয়েছেন তাঁরা।