খুলনা সিটির ভারপ্রাপ্ত মেয়র হলেন আনিসুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে গতকাল মঙ্গলবার দায়িত্ব নিয়েছেন প্যানেল মেয়র-১ আনিসুর রহমান বিশ্বাস। স্থানীয় সরকার মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে মেয়র মনিরুজ্জামানকে গত সোমবার সাময়িক বরখাস্ত করার পর তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়।
ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পাওয়া আনিসুর রহমান খুলনা সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি একই ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও মহানগর যুবদলের সহসভাপতি ছিলেন। গতকাল দুপুরে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব গ্রহণ করেন আনিসুর রহমান।
খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা গোকুল কৃষ্ণ ঘোষ বলেন, বরখাস্ত হওয়া মেয়র মনিরুজ্জামানের ব্যক্তিগত নথি গতকাল তাঁর কার্যালয়ে পাঠানো হয়। ওই নথির মাধ্যমে তিনি প্যানেল মেয়র-১ আনিসুরের কাছে দায়িত্বভার তুলে দেন। নথির ২৯ নম্বর অনুচ্ছেদে মেয়র উল্লেখ করেন, ‘আমার অনুপস্থিতিকালীন স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯-এর ধারা ১২(২) উপধারা (১) অনুযায়ী মেয়র প্যানেলের জ্যেষ্ঠ সদস্য প্যানেল মেয়র-১ আনিসুর রহমান বিশ্বাসকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বভার অর্পণ করলাম।’
বিষয়টি নিশ্চিত করেছেন মনিরুজ্জামান। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি গতকালই (সোমবার) আইন অনুযায়ী জ্যেষ্ঠ প্যানেল মেয়রকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছি।’
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ২০১৩ সালের জুন মাসে অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে দলের সমর্থন নিয়ে নির্বাচন করে মেয়র পদে জয়ী হন। অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন মামলায় আদালত তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করায় স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯-এর ধারা ১২ অনুযায়ী সোমবার তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
বিএনপির সংবাদ সম্মেলন: মনিরুজ্জামানকে অসত্য তথ্যের ভিত্তিতে মেয়র পদ থেকে বরখাস্ত করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। মহানগর বিএনপির কার্যালয়ে গতকাল দুপরে এক সংবাদ সম্মেলনে খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম এ অভিযোগ করেন। তিনি বলেন, মেয়রের বিরুদ্ধে দুটি মামলার অভিযোগপত্র আদালত এখনো গ্রহণ করেননি। এ অবস্থায় আইনত মেয়রকে বরখাস্তের কোনো সুযোগ নেই। নজরুল ইসলাম অভিযোগ করেন, বিএনপি-সমর্থিত জনপ্রতিনিধিদের বরখাস্ত করে আওয়ামী লীগ নির্বাচনে পরাজয়ের প্রতিশোধ নিতে চায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম, খুলনা-৩ আসনের সাবেক সাংসদ সেকেন্দার আলী প্রমুখ।