খুলনায় জামায়াত নেতাসহ ৪ জেলায় আটক ২৫
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে দেশের বিভিন্ন স্থানে আটক অভিযান অব্যাহত আছে। মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার পর্যন্ত চারটি জেলা থেকে ২৫ জনকে আটক করেছে পুলিশ ও যৌথ বাহিনী। আটক ব্যক্তিদের অধিকাংশকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। প্রথম আলোর প্রতিনিধিরা বিস্তারিত জানিয়েছেন:
খুলনার খানজাহান আলী থানার জামায়াতে ইসলামীর আমির আজিজুর রহমানকে (৪৫) আটক করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে দৌলতপুর থানায় দায়ের করা নাশকতার একটি মামলায় তাঁকে আটক করা হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র শেখ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে আটটি পেট্রোলবোমা, তিনটি ককটেল ও বেশ কিছু বইসহ শিবিরের আট নেতা-কর্মীকে আটক করেছে র্যা ব। আটক ব্যক্তিরা হলেন আনোয়ার হোসেন মিলন (২২), মোহাম্মদ ফারুক (২৪), আশরাফুল হক (২২), আবদুল্লাহ আল মামুন (২৩), নাহিদ আহমেদ রেজওয়ান (২১), শরিফুল ইসলাম (২২), শিবগাতুল্লাহ (২১) ও আনসারুজ্জামান (১৮)।
গাইবান্ধায় বিএনপি ও জামায়াত-শিবিরের ১৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এর মধ্যে বিএনপির চারজন ও জামায়াত-শিবিরের ১০ জন।
নওগাঁ শহরের পার-নওগাঁয় তাজের মোড় এলাকা থেকে ২৮টি পেট্রলবোমা উদ্ধারের ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শহরের পার-নওগাঁর মরছুলা স্কুলের সামনে একটি গলি থেকে মঙ্গলবার রাতে পরিত্যক্ত অবস্থায় পেট্রলবোমাগুলো উদ্ধার করা হয়।