খুলনার শিক্ষাঙ্গন হবে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার শিক্ষাঙ্গনকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত রাখার ঘোষণা দিয়েছে নবগঠিত মহানগর ছাত্রলীগ। গতকাল বুধবার বিকেলে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হয়।
৮ জুন সম্মেলনের মাধ্যমে মহানগর ছাত্রলীগের সভাপতি হিসেবে শেখ শাহজালাল হোসেন সুজন ও সাধারণ সম্পাদক হিসেবে এস এম আসাদুজ্জামান রাসেলের নাম ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আসাদুজ্জামান। তিনি বলেন, ছাত্রলীগ শিক্ষাঙ্গনকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে চায়। শুধু তা-ই নয়, যারা এসব কাজের সঙ্গে জড়িত তাদের কমিটিতেও রাখা হবে না। মহানগর ছাত্রলীগের কমিটি হবে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যুমুক্ত। সাবেক ছাত্রনেতাদের সঙ্গে নিয়ে মহানগর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
আসাদুজ্জামান বলেন, ব্যক্তি খারাপ হতে পারে, কিন্তু সংগঠন খারাপ নয়। ছাত্রলীগের ইতিহাস ঐতিহ্যমণ্ডিত। সুতরাং ছাত্রলীগের কেউ খারাপ কাজের সঙ্গে যুক্ত হলে তার দায়ভার ছাত্রলীগ নেবে না।