খুলনায় আ.লীগের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে দলীয় নেতা-কর্মীদের মধ্যে অন্তঃকোন্দল নিরসন করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলকে শক্তিশালী করতে বিভাগীয় সম্মেলনের আয়োজন করেছে আওয়ামী লীগ। কাল রোববার খুলনা জেলা স্টেডিয়ামে ওই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘিরে ২৫ হাজারেরও বেশি মানুষের সমাগম হবে বলে আশা করছেন আয়োজকেরা।

আয়োজকেরা বলেন, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অতিথি হিসেবে থাকবেন বাগেরহাট-১ আসনের সাংসদ শেখ হেলাল উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্য, খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ, কেন্দ্রীয় সদস্য এস এম কামাল হোসেন প্রমুখ।

প্রতিনিধি সম্মেলনে খুলনা বিভাগের আওয়ামী লীগের সব সাংসদ, জেলা পরিষদ চেয়ারম্যান, মহানগর ও জেলা আওয়ামী লীগের ১১টি পূর্ণাঙ্গ কমিটি, উপজেলা ও পৌরসভার পূর্ণাঙ্গ কমিটি, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, উপজেলা ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সভাপতি-সাধারণ সম্পাদক এবং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক ও খুলনা মহানগরের দলীয় কাউন্সিলররা অংশ নেবেন। এ ছাড়া প্রতি ইউনিয়ন থেকে ২১ জন করে প্রতিনিধি ওই সম্মেলনে অংশ নেবেন বলে আয়োজকেরা জানিয়েছেন।